বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে ভোলার বোরহানউদ্দিনে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার হল রুমে “দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য” বিষয়ের উপর মাধ্যমিক পর্যায়ের ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা দুর্নীতির ক্ষতিকর প্রভাব, সততার গুরুত্ব এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা সম্পর্কে পক্ষে-বিপক্ষে নিজেদের মতামত ও যুক্তি তর্ক তুলে ধরেন।
বোরহানউদ্দিন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, ইন্সপেক্টর তদন্ত রিপন কুমার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কৃষি অফিসার গোবিন্দ মন্ডল,পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো সাইফুল ইসলাম,ওসি রিপন কুমার, একাডেমিক সুপারভাইজার আয়েশা সিদ্দিকা, মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান। এ সময় উক্ত কমিটির সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন, জাহাঙ্গীর আলম ও সদস্য জাফরুল ইসলাম, মোহাম্মদ লিটন, মমিন উদ্দিন, আশিক পন্ডিতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী অফিসার মনোরঞ্জন বর্মন বলেন, বিতর্ক শিক্ষার্থীদের মেধাবিকাশে সহায়তা করে। বিতার্কিকরাই বিভিন্ন পর্যায়ে দেশকে নেতৃত্ব দিচ্ছেন। বিতর্ক চর্চাকে উদ্বুদ্ধ করতে এই উপজেলায় শীঘ্রই একটি বিতর্ক সংগঠন তৈরি করা হবে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ ধরনের কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে সৎ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। এ সময় উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের সততা ও নৈতিকতার আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। বির্তক প্রতিযোগিতায় বোরহানউদ্দিন আলিয়া মাদরাসা, বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ডিটিএম মাধ্যমিক বিদ্যালয়, মানিকা মাধ্যমিক বিদ্যালয়, কুতুবা মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা প্রশাসন স্কুল, ও চরগংগাপুর আলিম মাদরাসার শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হন বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও রানার্স আপ হন কুতুবা মাধ্যমিক বিদ্যালয়। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ