স্টাফ রিপোর্টার ॥
ভোলার দৌলতখানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত প্রায় ২ হাজার ৮শ’ ৫০ লিটার জ্বালানি তেল ও ৯০০ লিটার ভেজাল ভোজ্য তেল জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার দৌলতখান থানাধীন বিউটি রোড সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১০টায় কোস্ট গার্ড বেইস ভোলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত এলাকায় ৬টি দোকান তল্লাশি করে অবৈধভাবে মজুদকৃত প্রায় ৫ লক্ষ ৪০ হাজার ৭৫০ টাকা মূল্যের ২ হাজার ৮শ’ ৫০ লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল, পেট্রোল ও অকটেন) ও ৯০০ লিটার ভেজাল ভোজ্য তেল জব্দ করা হয়। জব্দকৃত জ্বালানি তেল দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা এর তত্ত্বাবধানে বাজার মূল্যে বিক্রি এবং ভেজাল ভোজ্য তেল বিনষ্ট করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ