জাহিদ দুলাল, লালমোহন ॥
সৌন্দর্যের লীলাভূমি দ্বীপ জেলা ভোলার লালমোহনে রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। ভোলার মধ্যমনি লালমোহন উপজেলার পশ্চিমে তেতুলিয়া আর পূর্বে মেঘনা নদীর উথাল-পাতাল ঢেউ, দুরন্ত বাতাসে প্রাণ জুড়ায়। দুই নদীর টাটকা ইলিশের স্বাদ সত্যি অমৃত। প্রকৃতিপ্রেমীদের জন্য রয়েছে অপরূপ নৈসর্গ। এখানকার প্রাকৃতিক সুশোভায় শোভিত মনোরম স্থানগুলোকে ঘিরে পর্যটন শিল্পের যে অপার সম্ভাবনা দেখা দিয়েছে, তা খুবই আনন্দদায়ক ও লাভজনক।
লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মঙ্গল শিকদার এলকায় মেঘনা নদীর তীর জুড়ে লঞ্চ ঘাট এলাকায় প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত স্থান (মেঘনা নদীর কুলঘেঁষে প্রায় ১২ একর জমি চাষাবাদবিহীন ) বিগত সরকারের আমলে প্রস্তাবিত পর্যটন কেন্দ্রটি প্রকৃতিপ্রেমী মানুষের আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে ওঠেছে। যদিও বিগত আওয়ামী লীগের সরকারের শাসনামলে পর্যটন কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়ে ও অদৃশ্য কারনে তা বেস্তে যায়। এখানে প্রতিদিন বিকেলে চরফ্যাশন থেকে ছেড়ে আসা ঢাকা গামী লঞ্চ যেমন- এমভি তাসরিফ-৩-৪, কর্ণফুলী-১২-১৩-১৪ ও টিপু ১৩-১৪ ও ফারহান লঞ্চ প্রতিদিন এ রুট দিয়ে আসা যাওয়া করে, এ যেন প্রকৃতিপ্রেমীদের জন্য নয়নাভিরাম দৃশ্য।
অত্র এলাকায় মেঘনা নদীর তীর ঘিরে পর্যটন শিল্পের বিকাশ ঘটানো গেলে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টিসহ অর্থনৈতিক উন্নয়ন ঘটবে বলে আশা করেছেন স্থানীয় সচেতন মহল । এখানে যেমনি রয়েছে নৈসর্গিক রূপ, তেমনি রয়েছে নদী, পুকুর ও বিলে দেশীয় বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছের ছড়াছড়ি। এছাড়া এখানে দেশি হাঁস-মুরগি পাওয়া যায়। গরু-মহিষের দুধ ও খেজুর রস পাওয়া যায়। এ অঞ্চলে রয়েছে নানারকম শাকসবজি ও ফসলের ক্ষেত। বেড়িতে এবং মাঝ দরিয়ায় অপূর্ব সবুজের বেষ্টনি দর্শনার্থীর মন কেড়ে নেয়। নদীর বুকে অথৈ জলের মাঝে ছোট বড় একাধিক চর যেমন- উড়ির চর, বাদশা মিয়া চর, আট নম্বর চর, বারো নম্বর চর, বাসন ভাঙ্গার আর, সোনার চর এবং দক্ষিণে রয়েছে চর সৈয়দ পুর, এসব চরে রয়েছে মহিষের বাতান এবং বিভিন্ন প্রজাতির বন এসব বন বাতাসের দোলায় কেঁপে ওঠে।
বনে রয়েছে পাখিদের মেলা। বক, চিল, মাছরাঙা, পানকৌড়ি, বালিহাঁস, ময়না, টিয়া, ঘুঘুসহ আরও নাম না জানা কত রকমের পাখি। এখানে শীতকালে অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে। জেলেদের সঙ্গে পাল্লা দিয়ে পাখিরাও মাছ শিকার করে। মাঝিমাল্লার গান আর মুক্ত পাখির কিচিরমিচির নদীর তরঙ্গে মিশে যেন অমৃত সুধায় সারাবেলা কথা কয়। দলবেঁধে পাখিদের উড়াউড়ি মন কেড়ে নেয়। এখানে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও জেলেসহ নানা শ্রেণি পেশার মানুষের বিচরণ। এখান দিয়ে নদী পথে যাতায়াতের সুব্যবস্থা আছে। মনপুরা, সন্দ্বীপ, লেতরা, দক্ষিণ আইচা ও চরফ্যাশন, এমনকি লালমোহনের অনেক লোকজন মঙ্গল শিকদার ঘাট দিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে লঞ্চে যাতায়াত করে। এখানকার জেলে পল্লী দিয়ে হাঁটার সময় ভাজা ইলিশের সে কী ঘ্রাণ! অনেকেই এখানে জেলেদের থেকে সরাসরি মাছ কিনতে আসেন।
লালমোহনের মেঘনা ও তেতুলিয়ার ইলিশ দেশের বিভিন্ন স্থানে যায়। অনেক দূরদূরান্ত থেকে মানুষ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখানে আসেন। নৌকায় চড়ে নদীর বুকে ঘুরে বেড়ানো কিংবা পায়ে হেঁটে মনোরম দৃশ্য উপভোগ করার আনন্দই আলাদা। এখানে মুক্ত বাতাসে ঘোরাফেরা করে মানুষ মুগ্ধ হয়। সন্ধ্যার আগ মূহুর্তে আকাশের রংধনু নদীর বুক জুড়ে মিতালী গড়ে তোলে। সকালের মনোমুগ্ধকর দৃশ্য দেখে প্রাণ জুড়ায়।
মঙ্গলসিকদারের মেঘনা তীরবর্তী লঞ্চ টার্মিনাল সংলগ্ন পর্যটন স্পটে ভ্রমণে আসা ভ্রমণপিপাসু মোঃ শাকিল, মোঃ আকবর হোসেন, মোসাঃ রাহেলা, সাদিয়া ইসলাম ও ছালমা বেগম বলেন, মেঘনা নদীর তীরবর্তী লঞ্চ টার্মিনাল এলাকায় আমরা প্রায় সময়ই ভ্রমণের জন্য আসি, এখানে এসে দখিনা বাতাসে এবং চরফ্যাশন থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা লক্ষ নোঙ্গর করে যাত্রী তোলে, মাছ ধরা ট্রলার ও নৌকা নদী থেকে মাছ শিকার করে এখান দিয়ে উঠানো ও নামানো সহ এখানকার দৃশ্য সত্যিই মনমুগ্ধকর। এখানে সরকারিভাবে একটি পূর্ণাঙ্গ পর্যটনকেন্দ্র করলে ভালো হতো। এ স্পটে একটি পর্যটন কেন্দ্র করা গেলে প্রাকৃতিক সৌন্দর্য আরও বিকশিত হবে। সেই সঙ্গে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। ইতিহাস ঐতিহ্যে ভরা লালমোহনের সকল শ্রেণি পেশার মানুষ এখানে একটি পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রত্যাশা করেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ