স্টাফ রিপোর্টার ॥
ভোলায় যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে সরবরাহকৃত বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার (২২ এপ্রিল) দুপুরে শহরের কালিনাথ রায়ের বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ নকল বিড়ি জব্দ করা হয়। বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ আবুল কাশেম বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার সদর থানাধীন কালীনাথ রায়ের বাজার সংলগ্ন এলাকায় বুধবার (২২ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড বেইজ ভোলা এবং কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উক্ত এলাকা হতে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে সরবরাহকৃত প্রায় ৩ লক্ষ ৪৮ হাজার টাকা মূল্যের ৪ লক্ষ ৩৫ হাজার শলাকা নকল বিড়ি জব্দ করা হয়। জব্দকৃত বিড়ির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ