স্টাফ রিপোর্টার ॥
ভোলায় নিজস্ব গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তীব্র লোডশেডিংয়ের শিকার হচ্ছেন জেলার বাসিন্দারা। প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত হয়ে পড়েছে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা। বিদ্যুতের অভাবে রাতের ঘুম হারাম হয়ে পড়েছে সাধারণ মানুষের। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা, ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে রোববার (৩১ মে) সকালে ভোলা শহরের বাংলাবাজার এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন ভুক্তভোগী গ্রাহক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, ভোলা একসময় বিদ্যুৎ স্বয়ংসম্পূর্ণ জেলা হিসেবে পরিচিতি পেলেও বর্তমানে জেলার মানুষ চরম বিদ্যুৎ সংকটে ভুগছেন। দিনের পর দিন দীর্ঘ লোডশেডিং চললেও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। বক্তারা আরও বলেন, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবনযাত্রা। দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচিরও ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে বিদ্যুৎ সংকট নিরসনে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানায়। এ সময় আগামী ১৫ দিনের মধ্যে দৃশ্যমান উদ্যোগ গ্রহণের আল্টিমেটাম দেন আন্দোলনকারীরা। স্থানীয়দের দাবি, ভোলার মানুষ যেন নিজ জেলার উৎপাদিত বিদ্যুতের ন্যায্য সুবিধা পায় এবং দ্রুত লোডশেডিং থেকে মুক্তি নিশ্চিত করা হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ