লালমোহন প্রতিনিধি ॥
ভোলার লালমোহনে অসহায় ও দুস্থদের জন্য মৃত্যুর পর দাপন কাপনের সামগ্রী বিতরণ করে ‘লাস্ট ড্রেস বাই শওকত’। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সিফাত বিন সাদেকের হাতে কাপনের কাপড় ও দাফনের সামগ্রী বিতরণ করেন ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোক্তা মোঃ শওকত আরিফ। রোববার বিকেলে উপজেলা মিলনায়তনে কাপনের কাপড় বিতরণকালে এর পাশাপাশি ব্যক্তিজীবনে কার্বনডাই অক্সাইড নিগর্মন কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা রোপণ ও গাছের চারাও বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী মোঃ জহিরুল ইসলাম, বন কর্মী তন্ময় ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোক্তা মোঃ শওকত আরিফ জানান, মৃত্যুর পর মানুষের শেষ পোশাক কাপনের কাপড়। সমাজে অনেক অসহায় আছে মৃত্যুর পর কাপনের কাপড় কিনার সামর্থ নেই। কেউ বেওয়ারিশ হিসেবে মৃত্যুবরণ করে। তাদের জন্য উপজেলা প্রশাসনের হাতে কাপনের কাপড় বিতরণ কার্যক্রম শুরু করেছি। এই কার্যক্রম ভোলার বাইরেও বরিশাল ও নীলফামারি জেলায় বৃদ্ধাশ্রমে চলমান রয়েছে। এসব জায়গায় স্টক শেষ হয়ে গেলে পরবর্তীতে চাহিদা সাপেক্ষে আবার কাপনের কাপড় প্রেরণ করা হয়। মো. শওকত আরিফ একজন বেসরকারী চাকরিজীবী। নিজের বেতনের অংশ থেকে তিনি এই সেবামূলক কাজ করে আসছেন। তিনি আমৃত্যু এমন সেবামূলক কাজ করে যাবেন বলে জানান।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ