স্টাফ রিপোর্টার ॥
ঢাকার মিরপুরের পল্লবীতে শিশু রামিশাকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার প্রতিবাদ এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ভোলায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে ভোলা প্রেসক্লাবের সামনে ‘জাতীয় ছাত্রশক্তি’ ভোলা জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, মানবাধিকার কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
বক্তারা তাদের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, ঢাকার পল্লবীতে শিশু রামিশার সাথে যে নৃশংস ও পৈশাচিক ঘটনা ঘটেছে, তা পুরো দেশের মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। সভ্য সমাজে এমন বর্বরোচিত ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই ঘটনার সাথে জড়িত ধর্ষক ও খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।
দেশে নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার চিত্র তুলে ধরে তারা আরও বলেন, আজ ঘরে-বাইরে কোথাও শিশু ও নারীরা নিরাপদ নয়। এই নিরাপত্তার ব্যর্থতার দায় রাষ্ট্রকে নিতে হবে। যদি অতি দ্রুত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করা না হয়, তবে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পরবর্তী সময়ে প্রতিনিধি দলটি ভোলা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। কর্মসূচিতে বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জাগরণ ফাউন্ডেশনের নেত্রী শাহানাজ বেগম চিনু, সংগঠক মীর মোশারেফ অমি, এনসিপি নেতা শরীফ হোসেন, ভোলা জেলা জাতীয় ছাত্রশক্তির নেতা রাশেদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপি গ্রহণকালে ভোলার জেলা প্রশাসক আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ আইনি সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। তিনি বলেন, অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে দ্রুততম সময়ে শাস্তির মুখোমুখি করতে প্রশাসন বদ্ধপরিকর।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ