স্টাফ রিপোর্টার ॥
ভোলা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) বেলা ১১টায় ভোলা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, চলমান প্রকল্পের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বিদ্যুৎ, আসন্ন কুরবানির পশুর চামড়া সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণ ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেলাল হোসেন, সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আমিনুল ইসলাম খান, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হারুন অর রশীদ এবং জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন।
এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জনগণের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়। এ সময় বিভিন্ন বিভাগের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সভা শেষে জেলার সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ