ভোলায় রাইচ মিল থেকে তার-মিটার চুরি

স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ডকইয়ার্ড এলাকায় একটি রাইচ মিল থেকে বিদ্যুৎ সংযোগের তার, মিটারসহ বিভিন্ন যন্ত্রপাতি চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
জানা যায়, শামিম রাইচ মিলের জানালার গ্রিল ভেঙে চোরেরা মিলের ভিতরে প্রবেশ করে। পরে তারা বিদ্যুৎ সংযোগের তার, মিটারসহ মূল্যবান যন্ত্রপাতি খুলে নিয়ে যায়। মিলের মালিক ও বাপ্তা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ শাহিন মাল জানান, “রাত ১২টার পর আমরা মিল বন্ধ করে বাসায় যাই। সকালে এসে দেখি জানালার গ্রিল ভাঙা এবং মিটার-তারসহ বিভিন্ন যন্ত্রপাতি চুরি হয়ে গেছে। এতে আমার অন্তত ৫০ হাজার টাকার বেশি ক্ষতি হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় এমন ঘটনা ঘটছে। আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
স্থানীয়রা জানান, একই রাতে ওই এলাকায় আরও একটি দোকান থেকে তার চুরির ঘটনা ঘটেছে। এর আগে স্থানীয় ব্যবসায়ী মোঃ শহীদ মাল এর ড্রেজার থেকেও তারসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। এলাকাবাসীর দাবি, বারবার চুরির ঘটনায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। দ্রুত ব্যবস্থা নিয়ে চুরি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।
