সর্বশেষঃ

ভোলার ৪শ’ ১৫ প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল ফিডিং’ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥
ভোলা জেলার ৪শ’ ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে স্কুল ফিডিং কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকালে জেলার দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন ও মনপুরা উপজেলায় একযোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে দৌলতখান ও বোরহানউদ্দিনে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধন করেন ভোলা-২ (দৌলতখান ও বোরহানউদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। প্রতিটি উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বোরহানউদ্দিন উপজেলার ১নং বোরহানউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মো. আজম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহেদী মাসুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মণ্ডল এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. নাজনীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর পরিচালক (মনিটরিং ও ট্রেনিং) মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজেইউএস-এর সিআরইএ প্রকল্পের সমন্বয়কারী বাবুল আখতার।


অন্যদিকে দৌলতখান উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান মিয়া ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান সাজু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিজেইউএস-এর পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মো. মোস্তফা কামাল। সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহিদ উদ্দিন এবং সঞ্চালনা করেন জিজেইউএস-এর এরিয়া ইনচার্জ প্রিয়লাল মণ্ডল। এ সময় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা তহিদুল ইসলাম ও নজরুল ইসলাম, প্রধান শিক্ষক মো. মজির উদ্দিন ও মাহাবুব আলম, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এছাড়া তজুমদ্দিন উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং মনপুরা উপজেলায়ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। বক্তারা বলেন, স্কুল ফিডিং কর্মসূচি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, সরকারের এই উদ্যোগ শিক্ষার মানোন্নয়ন এবং শিশুদের সুস্থ বিকাশে সহায়ক হবে।


উল্লেখ্য, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর বাস্তবায়নে কর্মসূচিটি পরিচালিত হচ্ছে। এতে দৌলতখান উপজেলার ১শ’ ৬টি, বোরহানউদ্দিন উপজেলার ১শ’ ৫৬টি, তজুমদ্দিন উপজেলার ১শ’ ১০টি এবং মনপুরা উপজেলার ৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৫২ হাজার ৭ শ’ ২৭ জন শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে স্কুল ফিডিংয়ের আওতায় ডিম, কলা, রুটি ও অন্যান্য পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

বাস্তবায়নকারী সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) সূত্রে জানা যায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং জিজেইউএস-এর বাস্তবায়নে কর্মসূচিটি পরিচালিত হচ্ছে। এতে দৌলতখান উপজেলার ১০৬টি, বোরহানউদ্দীন উপজেলার ১৫৬টি, তজুমুদ্দীন উপজেলার ১১০টি এবং মনপুরা উপজেলার ৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৫২,৭২৭ জন শিক্ষার্থীর জন্য ডিম, কলা, রুটি ও অন্যান্য পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।
জিজেইউএস-এর অতিরিক্ত পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী ডা. খলিলুর রহমান জানান, এই প্রকল্পের আওতায় ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, রাজবাড়ি ও গোপালগঞ্জ জেলার মোট ২,৬৭৩টি প্রতিষ্ঠানে ৩,৬১,৭৩৫ জন শিক্ষার্থীর মাঝে ডিম, রুটি ও কলা খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। যা আগমী ১ বছর পর্যন্ত চলবে।
জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন বলেন, স্কুল ফিডিং কর্মসূচি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করবে, বিদ্যালয়ে উপস্থিতি বাড়াবে এবং ঝরে পড়া কমাবে। জিজেইউএস সরকারের এই উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে এবং শিশুদের সুস্থ ও শিক্ষিত ভবিষ্যৎ গঠনে সহযোগী হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।