স্টাফ রিপোর্টার ॥
ভোলা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে ভোলায় সংবাদ সম্মেলন করেছেন ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। এসময় কমিটিতে মেধাশুন্য ও আওয়ামী লীগ পরিবারের সদস্যকে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। রোববার (১০ মে) বিকেলে ভোলা শহরের মহাজনপট্টিস্থ অবস্থিত ভোলা জেলা ছাত্রদলের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন পদবঞ্চিতরা।
সংবাদ সম্মেলনে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, ভোলা সরকারি কলেজের সাবেক আহ্বায়ক ও নবগঠিত কমিটির সভাপতি পদপ্রার্থী জাহাঙ্গীর আলম শরীফ বলেন, দীর্ঘ ২০ বছর ধরে আমি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। আল্লাহর অশেষ রহমতে বেশ কয়েকবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। ছাত্রদলকে জীবনের প্রথম প্রেম হিসেবে আঁকড়ে রেখেছি। দলের দু:সময়ে সবাই যখন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিল তখন আমি সংগঠন নিয়ে ব্যস্ত ছিলাম। ২৪ এর গণঅভ্যুত্থানে আমি আমার সর্বোচ্চ দিয়ে মুখ্য ভূমিকা পালন করেছি। ৫ আগস্ট পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের ছাত্রদলের প্রতি নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করেছি। তিনি বলেছিলেন মেধা ও ত্যাগীদের সমন্বয়ে ছাত্রদল গঠন হবে।
জাহাঙ্গীর আলম শরীফ অভিযোগ করে বলেন, ভোলা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে যিনি সভাপতি হয়েছেন তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু ? যিনি সাধারণ সম্পাদক হয়েছেন বিগত দিনে তার নামে কোনো মামলাও ছিল না। তিনি আওয়ামী লীগ পরিবারের সদস্য। তিনিও কিভাবে পদে এসেছেন সেটা আমাদের বোধগম্য নয়। কিন্তু আমরা যারা দলের দু:সময়ে আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম তারা সবাই বঞ্চিত হয়েছি। কেন্দ্রীয় ছাত্রদল ভোলা জেলা ছাত্রদলের দায়িত্ব কাদের হাতে তুলে দিল ?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, ভোলা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি মেধাশুন্য কমিটি। বিগত দিনে আমরা মামলা হামলার কারণে ঘরে থাকতে পারিনি। প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন ভোলা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে বিলুপ্ত করে ত্যাগী ও মেধাবিদের নিয়ে নতুন করে কমিটি গঠন করুন। আমাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিন।
তাদের দাবি পূরন না হলে ধারাবাহিক ভাবে কঠোর আন্দোলন করা হবে বলেও জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে ভোলা ভোলা ছাত্রদলের নবগঠিত কমিটির পদবঞ্চিত মো. হুমায়ুন কবির ও মো. জানে আলম আকাশ প্রমুখ বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, গত শনিবার (২ মে) দিনগত রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক দলীয় প্যাডে ৭ সদস্য বিশিষ্ট ভোলা জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করেন। এতে আব্দুল্লাহ আল রাসেলকে সভাপতি ও নুর মোহাম্মদ রুবেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া কমিটিতে সাজ্জাদ হোসেন মুন্নাকে সিনিয়র সহ-সভাপতি, নুরুল ইসলাম বাপ্পিকে সহ-সভাপতি, জাকারিয়া মঞ্জুকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মো. জাকারিয়া বেলালকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মেহেদী হাসান আসিফকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ