ভোলার মনপুরা উপজেলায় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে সফট ড্রিংক, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ডিজেল বহনের সময় এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় একটি ফিশিং বোট জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে মনপুরা উপজেলার সূর্যমুখী ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১ লাখ ২২ হাজার টাকা মূল্যের ১৭০ কেস সফট ড্রিংক, বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং ৯ ব্যারেল ডিজেল জব্দ করা হয়।
এ ঘটনায় মো. হান্নান (পিতা: অলিউদ্দিন বেপারী) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, জব্দ করা মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, উপকূলীয় এলাকায় পাচার ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ