সর্বশেষঃ

ভোলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভোলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সকাল সাড়ে ৮টায় শহরের গজনবী স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামিম রহমান এবং পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার।

দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দিনব্যাপী এসব আয়োজনে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষণীয়।

এদিকে, জেলা প্রশাসন, ভোলা আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে কুচকাওয়াজ ও ডিসপ্লে ইভেন্টে অংশ নিয়ে সাফল্য অর্জন করেছে সরকারি শিশু পরিবারগুলো।

কুচকাওয়াজ ও ডিসপ্লে—উভয় ইভেন্টে সরকারি শিশু পরিবার (বালিকা), ভোলা প্রথম স্থান অর্জন করেছে। অন্যদিকে, সরকারি শিশু পরিবার (বালক), বাংলাবাজার, ভোলা কুচকাওয়াজে প্রথম এবং ডিসপ্লে ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জন করে।

জেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচিও আয়োজন করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।