॥ ড. টি. এন. রশীদ ॥
(গত পর্বের পর) : কানাডায় বাংলাদেশ কেন্দ্র কর্তৃক দেওয়া সংবর্ধনায় বক্তব্য :
উপস্থিত সুধী মন্ডলী,
আচ্ছালামু আলাইকুম। শরতের মেঘমুক্ত নীল আকাশ, পাখির কলতান, মন্ট্রিলের আকাশ, বাতাস নব কিশলয়ে সুসজ্জিত হয়ে গাছে গাছে রং বেরং এর ফুল, লতা, পাতায় এদেশ নববধুর মত সলাজ হাসিতে ভরপুর। এমনি দিনে শিশিরসিক্ত গোধূলীলগ্নে আপনারা বাংলাদেশ কেন্দ্র থেকে আমাকে সংবর্ধনা জানাচ্ছেন। আমি এর কতটুকু উপযুক্ত তা আমি নিজেও জানি না। এ জন্য আমি ও আমার অন্তরের নিভৃততম প্রদেশ থেকে আপনাদের জানাই গভীর অভিনন্দন।
বাংলাদেশ কেন্দ্র এ নামটি আমার ক্ষুদ্র হৃদয়ে এক আলোড়ন সৃষ্টি করেছে। বাংলাদেশ কেন্দ্রে এসে আমি যেন নতুন করে বেঁচে উঠেছি। আমরা সকলেই বাঙ্গালী। বাংলা আমাদের মান, বাংলা আমাদের প্রাণ, বাংলা আমাদের মর্যাদা। যে জাতি তার অতীত ইতিহাস স্মরণ রাখে না, সে জাতি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। যে বাংলায় এখন শরতের কাঁশবন চামর দোলায় রাতের শিশিরে শিউলী ঝরে, ভোরে সুমধুর সুরে পাখি গান গায়। সেখানে এখন বড় বিলের বুকে জ্বলপদ্ম ফুটে থাকে। উজান নদীতে মাঝি ভাটিয়ালী গান গায়। যেখানে এখন সোনার ধান সোনা ছড়িয়ে থাকে। সেখানে এখন শুকনো পথঘাট ঝরঝরে দিনগুলি। এ রূপ পরিবেশ পরিবর্তনের মাঝে ইতিপূর্বে বয়ে যাওয়া বন্যা পরিস্থিতি আজ ভয়াবহ রূপ নিয়েছে। একটানা বারি বর্ষন দেশের সামগ্রিক জীবন-ব্যবস্থা বিপর্যয় করে তুলছে। এ দুর্যোগপূর্ণ কবলিত এলাকা দুঃস্থ ও অসহায় লোকের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। চারদিকে মানুষের আহাজারি এবং ত্রানের জন্য আকুতি। গোটা দেশ স্মরণকালের ভয়াবহ বন্যার রূপ নিয়েছে। রাজধানী ঢাকার প্রতিটি পথঘাট, অলিগলি ধীরে ধীরে প্লাবিত হচ্ছে।
মানুষের স্বাভাবিক জীবন যাত্রা থমকে দাঁড়িয়েছে। দুর্গত মানুষের আশ্রয় দেবার মত জায়গার অভাব দেখা দিয়েছে। এ সকল দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব রয়েছে। বর্তমানে এই কানাডা সহ দেশবিদেশে আমরা যারা অবস্থান করছি প্রত্যেকের উচিত এ আর্ত-মানবতার সেবায় এগিয়ে আসা।
আপনারা যারা এ সুদূর পাশ্চাত্যে অবস্থান করছেন আমি আপনাদের সার্বিক মঙ্গল কামনা করছি। আপনারা যাতে দেশের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে সামনের দিকে যেতে পারেন। আর একটা কথা, না বললেই নয়- আপনারা এই কানাডায় যে যেখানে অবস্থান করেন না কেন পারষ্পরিক সুখ-দুঃখ বিপদ-আপদে সকলে ঐক্যবদ্ধভাবে সাহায্য সহযোগিতা করবেন। বাকী সময়গুলো আপনাদের সার্থক ও সুন্দর হোক এই কামনায় ধন্যবাদ সবাইকে।
(চলবে-------)
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ