সর্বশেষঃ

লালমোহনে লঞ্চের ধাক্কায় স্পীডবোট উল্টে পুলিশ কনস্টেবল নিখোঁজ ॥ আহত-৫, নদীতে ডুবুরি দল

প্রতীকী ছবি

জাহিদ দুলাল, লালমোহন ॥
ভোলার লালমোহনে মৎস্য রক্ষা অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পীডবোট উল্টে এক পুলিশ কনস্টেবল নিখোঁজ রয়েছে। আহত হয় স্পীড বোটের অপর ৫ মৎস্য অভিযান টিমের সদস্য। তাদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যা ৮টার দিকে লালমোহন মঙ্গলসিকদার লঞ্চঘাটে এই ঘটনা ঘটে। নিখোঁজ পুলিশ কনস্টেবলের নাম মোঃ ফখরুল।
জানা গেছে, ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে ঢাকা থেকে চরফ্যাশনের বেতুয়া ঘাটঘামী এমভি কর্ণফুলী-১২ লঞ্চ সন্ধ্যা ৭টার দিকে মঙ্গলসিকদার লঞ্চঘাটে পৌছে। একই সময় মঙ্গল সিকদার ঘাটে মেঘনা নদীতে অভয়াশ্রম এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস মাছ ধরা নিষেধাজ্ঞা মনিটরিং করার জন্য উপজেলা মৎস্য অফিসের ৩ সদস্য ও ৩জন কনস্টেবল স্পীড বোটে করে অভিযান টিমের জন্য রওয়ানা হচ্ছিল। ওই টিমে লালমোহন মৎস্য অফিসের অফিস সহকারী আব্বাছ উদ্দিন, ক্ষেত্র সহকারী মনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম সোহাগ এবং পুলিশের ৩জন কনস্টেবল ছিলেন। লঞ্চটি ঘাটে ভেড়ানোর সময় লঞ্চের পেছনের প্রফেলারের ধাক্কায় স্পীড বোট উল্টে যায়। এতে ৫জন সাঁতরে উপরে উঠলেও তাদের সাথে থাকা পুলিশ কনস্টেবল মোঃ ফখরুল (রাত সাড়ে ১১টায়) এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ রয়েছে।
লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম ও মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এরশাদ উকিল জানান, নিখাঁজ মোঃ ফখরুল মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল। ঘটনার পর কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরী টিম নদীতে নেমে তল্লাসী চালাচ্ছে। ফখরুলেরর দেশের বাড়ি বাকেরগঞ্জে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।