তজুমদ্দিন প্রতিনিধি ॥
জামায়াত ইসলাম ধর্মের নামে রাজনীতি নয়, বরং ব্যবসা শুরু করেছে-এমন মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের বিএনপি (ধানের শীষ) মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। শুক্রবার (৩০ জানুয়ারী) বিকেলে তজুমদ্দিন উপজেলার উত্তর সম্ভুপুর ইউনিয়নের শিবপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জামায়াত ইসলামি পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে। তারা ভোটের নামে ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। জামায়াত মনে করে তারাই একমাত্র ইসলামের খেদমত করছে, আর অন্যরা সবাই নাকি বিধর্মী কিংবা ভিন্ন দলের অনুসারী। এমনকি তারা মানুষকে বোঝানোর চেষ্টা করছে-দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে মানুষ বেহেশতে যাবে।
জামায়াতের কথায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ইসলাম ধর্মের ৫টি স্তম্ভ ও কোরআন-হাদিসের বিধান যথাযথভাবে পালন করলেই একজন মুসলমান বেহেশতে যেতে পারে। এজন্য কোনো নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার প্রয়োজন নেই।
উত্তর সম্ভুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম নিরব পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জনসভায় যোগ দিলে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ