মো: মিরাজ হোসাইন ॥ ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইমাম মোঃ রেযাউল কারীম বুরহানী বুধবার দুপুরে টবগি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট ও বাজার এলাকায় গণসংযোগ পরিচালনা করেছেন। দিনব্যাপী এ গণসংযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবী ও তরুণদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করে তিনি বলেন, আমরা রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টি ও জনগণের কল্যাণের জন্য। দলীয় বিভাজন ভুলে ইসলামি মূল্যবোধভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে।
গণসংযোগে ইসলামী আন্দোলনের টবগি ইউনিয়ন শাখার সভাপতি, সেক্রেটারি, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ শতাধিক কর্মী অংশ নেন। কর্মীরা ঘরে ঘরে গিয়ে হাতপাখা প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং দলের আদর্শ ও ঘোষণাপত্রের মূল বক্তব্য পরিচিত করে তোলেন।
স্থানীয়দের দাবি, প্রার্থী মুফতি ইমাম মোঃ রেযাউল কারীম বুরহানীর সরলতা, নৈতিকতা ও দীননিষ্ঠ আচরণ তাদের আস্থা অর্জন করেছে। অনেকে জানান, তারা এবার পরিবর্তনের স্বপ্ন দেখছেন-একটি ন্যায়ভিত্তিক ও শোষণমুক্ত সমাজব্যবস্থার প্রত্যাশায়। গণসংযোগ শেষে মুফতি ইমাম মোঃ রেযাউল কারীম বুরহানীর নেতৃত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে দেশের শান্তি, জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ