ভোলার বাণী রিপোর্ট ॥ অবশেষে দীর্ঘ জল্পনা আর কল্পনার পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোলা প্রেসক্লাবের নির্বাচন। এই নির্বাচনে ১১টি পদের বিপরীতে ৪০টি মনোনয়নপত্র গ্রহণ করেছেন প্রার্থীরা। গতকাল বুধবার (২২ অক্টোবর) আনন্দঘন পরিবেশে এই মনোনয়নপত্র গ্রহণ করা হয়। ২০১০ সালের পরে এই প্রথম আনুষ্ঠানিকভাবে আগামী ১লা নভেম্বর ২০২৫ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোলা প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন ও নির্বাচন কমিশনার ভোলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট আরিফুর রহমান, বর্তমান যুগ্ম সম্পাদক এডভোকেট তোয়াহা এ নির্বাচন পরিচালনা করছেন। গতকাল বুধবার তারা এ তথ্য প্রকাশ করেন।
তাফসিল অনুযায়ী আজ বৃহস্পতিবার ২৩ অক্টোবর মনোনয়নপত্র জমা, ২৪ অক্টোবর যাচাই-বাছাই, ২৫ অক্টোবর চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা এবং ১লা নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১১টি পদের বিপরীতে সদস্য ফরম সংগ্রহ করেছেন ৪০ জন প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে ৫ জন, সহ-সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৪ জন, অর্থ সম্পাদক পদে ৪ জন, দপ্তর সম্পাদক পদে ৩ জন, ক্রিড়া সম্পাদক পদে ১ জন, পাঠাগার সম্পাদক পদে ৩ জন, সাংস্কৃতিক সম্পাদক পদে ৪ জন, এবং ২টি নির্বাহী সদস্য পদের বিপরীতে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। দীর্ঘ বছর পর ভোলা প্রেসক্লাবে একটি উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হওয়ার পথে থাকায় ভোলার মিডিয়া অঙ্গনে সংবাদকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। যারা ফরম সংগ্রহ করেছেন তারা ছাড়া অন্য সব প্রেসক্লাব সদস্য এবং ভোলার রাজনৈতিক অঙ্গন থেকে সচেতন মানুষ একটি অবাধ, সুষ্ঠ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা করছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ