রফিক সাদী/ইয়ামিন হোসেন ॥ সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকান্ডের অংশ হিসেবে এবং জুলাই পূনর্জাগরণ অনুষ্ঠান-২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে ভোলার তজুমদ্দিন ও চরফ্যাশন উপজেলায় দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ঔষধ বিতরণ কর্মসূচি ও মেডিক্যাল ক্যাম্পেইন এর আয়োজন করা হয়েছে। সোমবার (২৮ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তজুমদ্দিন উপজেলার ৩ নং চাঁদপুর ইউনিয়ন পরিষদ ও চরফ্যাশন উপজেলার কেরামতগঞ্জ পূর্ব মিয়াজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৬ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগেরও চিকিৎসাসেবা এবং রোগীদের হাতে তুলে দেয়া হয় প্রয়োজনীয় ঔষধপত্র। উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় অসহায় মানুষকে চিকিৎসা কেন্দ্রে আসার জন্য অবহিত করা হয় বলে জানান বাংলাদেশ নৌবাহিনীর কর্তকর্তাগণ।
স্থানীয়রা বলছে এই ধরনের মানবিক উদ্যোগ এলাকার গরিব-দুঃখী অসহায় মানুষের জন্য অত্যন্ত সহায়ক। বিশেষ করে যারা দূরবর্তী এলাকায় গিয়ে চিকিৎসা নিতে পারেন না তাদের জন্য এটি আশীর্বাদ।
চিকিৎসা নিতে আসা দেওয়ানপুর গ্রামের আনছল হক (৭২) বলেন, অনেক দিন হার্টের সমস্যা নিয়ে ভুগছি, টাকার কারণে ডাক্তার দেখানো কঠিন হয়ে পড়ে। এখানে ফ্রি চিকিৎসা পাচ্ছি, এটা আমাদের জন্য বড় সুযোগ।
আড়ালিয়া গ্রামের মহিমা খাতুন (৬৫) বলেন, জ্বর-কাশি, হাঁপানির সমস্যা নিয়ে এসেছিলাম। ডাক্তার খুব যত্ন করে দেখেছে, ওষুধও দিয়েছে। খুব ভালো লাগছে।

চিকিৎসা নিতে আসা অপর এক নারী বলেন, তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট। এছাড়া সেখানে গিয়ে ৫ টাকার টিকিট কেটে ২ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে এক পাতা নাপা আর ৫টা গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া কিছুই পাই না। সব রোগের একই ঔষধ দেয়। আর এখানে এসে ভালো চিকিৎসা ও ফ্রিতে অনেক ঔষধ পেয়েছি।
চিকিৎসক সার্জন লেফট্যানেন্ট ফারহান আবিদ (বিএন) এর কাছে কোন ধরনের রোগী বেশী পেয়েছেন জানতে চাইলে বলেন, বাত ব্যথা, সর্দি কাশি, গ্যাসটিক আলসার, জ্বর ও বুকে ব্যথার রোগীর সংখ্যা বেশী। তিনি আরো জানান, সাধারণ রোগ ছাড়াও হৃদরোগ, চর্ম, শিশু ও ডায়াবেটিসের মতো বিশেষ রোগের সেবা প্রদান করা হয়েছে। রোগীদের আগমনে সহায়তা করে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
বাংলাদেশ নৌবাহিনীর মেডিসিন স্পেশালিস্ট সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ফারহান আবিদ (বিএন) তজুমদ্দিন এর চিকিৎসা দিচ্ছেন এবং চরফ্যাশনে সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মো: ইব্রাহীম খলিলুল্লাহ, বিএন চিকিৎসা প্রদানসহ ভোলার ৬ শতাধিক উপকূলীয় প্রান্তিক নিন্ম আয়ের মানুষকে চিকিৎসা প্রদান করেন। নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলে নিয়মিতভাবে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং উপকূলীয় মানুষের নিরাপত্তায় ও সেবামূলক কর্মকা- ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ