শরীফ হোসাইন ॥ বোনের দেখানো পথে না ফেরার দেশে পাড়ি জমালেন রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের স্কুল বিভাগের শিক্ষার্থী আরিয়া নাশরাফ নাফি (৯)। বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরিয়া নাশরাফ নাফি (৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে (ইন্নালিল্লাহি-----রাজিউন)। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়। আগের দিন রাতেই মারা যায় তার বোন তাহিয়া তাবাচ্ছুম নাদিয়া (১৩)ও মৃত্যু বরণ করে। নাফির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, নাফির শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১১ জন মারা গেল। নাফি মাইলস্টোন স্কুলে কেজী ওয়ান ও বোন নাদিয়া ষষ্ঠ শ্রেণীতে পড়তো। তাদের গ্রামের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে।। বাবার নাম আশরাফুল ইসলাম নিরব। তারা সপরিবারে তুরাগ কামার পাড়া এলাকায় বসবাস করতো। বুধবার (২৩ জুলাই) জোহর নামাজের পর জানাযা শেষে তাকে ঢাকার উত্তরার কামার পাড়া এলাকায় নানা বাড়ীর কবরস্থানে সমাহিত করা হয়। একসাথে দুই সন্তানকে হারিয়ে শোকে বিহ্বল বাবা-মাসহ পুরো পরিবার।
নিহতদের স্বজন সূত্রে জানা গেছে, সাবেক সেনা সদস্য আশরাফুল ইসলাম নীরব প্রায় এক যুগ আগে তার সন্তানদের উন্নত ভবিষ্যতের আশায় স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় পাড়ি জমান। থাকতেন উত্তরায়। একে একে দুই সন্তানকে ভর্তি করান উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে। সর্বশেষ ২০২২ সালে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন তারা। গত সোমবার দুপুরে প্রশিক্ষণ বিমানটি বিশ্বস্ত হলে অন্যান্য শিক্ষার্থীদের মতো অগ্নিদগ্ধ হন নাদিয়া ও নাফি। এ সময় তাদের দুজনের শরীরের ৯০ ও ৯৫ ভাগ দগ্ধ হলে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে বোন নাদিয়ার মৃত্যু হয় ও পরে মৃত্যু হয় ভাই নাফি’র।
কান্নাজড়িত কণ্ঠে নিঝুম ও নাফির চাচা মো. হাসান বলেন, বিমান দুর্ঘটনায় দুই সন্তান হারিয়ে আমার ভাই-ভাবি নিঃসন্তান হয়ে গেল। নাদিয়া ও নাফি দুজনই অনেক মেধাবী ছিল। মঙ্গলবার দুপুরে নাদিয়াকে উত্তরার কামার পাড়ার একটি কবরস্থানে দাফন করা হয়েছে। রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে তার ভাই নাফি। পরবর্তীতে বুধবার দুপুরে নাফিকে তার বোনের পাশে একই কবরস্থানে দাফন করা হয়েছে। একই সাথে দুই সন্তান হারিয়ে আমাদের পুরো পরিবার শোকে স্তব্ধ হয়ে গেছে।
নিহত দুই শিশুর আত্মার শান্তি কামনা করে দৌলতখান উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়তি রাণী কৈরী বলেন, শোকসন্তপ্ত পরিবারকে সান্ত¡না জানানোর ভাষা আমাদের নেই। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ