স্টাফ রিপোর্টার ॥ ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় শিশু নির্যাতনের অভিযোগে বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়। এবং একটি গোপন গুদাম থেকে প্রায় ৭০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা। ১৮ জুলাই (শুক্রবার) সন্ধ্যার পর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
শনিবার ভোলা নৌবাহিনীর এক সূত্র জানায়, গত ২৮ জুন মনপুরা উপজেলার একটি জালের দোকানে এক শিশুকে কৌশলে ডেকে নিয়ে যৌন নির্যাতন করেন দোকানের ম্যানেজার মো. ইলিয়াস হোসেন (২৮)। এ ঘটনার প্রায় তিন সপ্তাহ পর (১৭ জুলাই) ভুক্তভোগী শিশুর মা বাংলাদেশ নৌবাহিনীর মনপুরা কন্টিনজেন্টে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ যাচাই ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৮ জুলাই (শুক্রবার) সন্ধ্যায় মনপুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ইলিয়াস হোসেন ও তার সহযোগী হাসান মাস্টারকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দোকানের পাশের একটি গোপন গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা। অভিযানে নৌবাহিনীর পাশাপাশি মনপুরা থানার পুলিশ, ইউএনও ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গোডাউনটি বন্ধ করে অবৈধ জাল জনসমুক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি, আটককৃত দুই আসামিকে আইনি প্রক্রিয়ার জন্য মনপুরা থানায় হস্তান্তর করা হয়েছে। দেশব্যাপী মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকা- দমনে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে এমনটাই জানিয়েছে নৌবাহিনী।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ