মো. মিরাজ হোসাইন ॥ ভোলার বোরহানউদ্দিনের ইদারার মূল কেন্দ্র দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সোমবার (৩০ জুন) সকাল ১০টায় অনুষ্ঠিত হলো এক অনন্য ও আবেগঘন বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান। দীর্ঘ ৪২ বছর ধরে দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে বিদায় নিলেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ও সুপার মাওলানা ফখরুদ্দিন। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার বর্তমান সভাপতি মাওলানা রেজাউল করিম।
বিদায়ী সুপার মাওলানা ফখরুদ্দিন বলেন, এই প্রতিষ্ঠান আমার জীবনের অংশ হয়ে গেছে। ৪২ বছর যেন একটি পরিবারের সঙ্গে পথচলা। আমি চেষ্টা করেছি তরুণ প্রজন্মকে আল্লাহ ও তাঁর রাসূল (সা.)-এর আদর্শে গড়ে তুলতে। যদি কোনো ভুল হয়ে থাকে, সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরাই আমার আসল প্রাপ্তি। নিজেকে একজন আদর্শ মানুষ ও মুমিন হিসেবে গড়ে তোলো। কুরআন ও সুন্নাহর আলোতে জীবনকে সাজাও।
সভাপতির বক্তব্যে মাওলানা রেজাউল করিম বলেন, শিক্ষা, শৃঙ্খলা ও নেতৃত্ব প্রতিটি স্তরে আমরা তাঁর অসাধারণ অবদান পেয়েছি। তিনি শুধু একজন শিক্ষকই নন, ছিলেন এক নিবেদিতপ্রাণ অভিভাবক। এই মাদ্রাসার অগ্রগতির প্রতিটি ধাপে তাঁর ছাপ অমলিন।
ওই মাদ্রাসার সহ-সুপার মাওলানা অহিদুল্লাহ আনসারী অনেক আবেগাপ্লুত কন্ঠে বলেন, মুহতারম সুপার মহোদয় তীলে তীলে এ প্রতিষ্ঠান সাঁজিয়েছেন। আজ বিদায় বেলা তার থেকে ক্ষমা চাইছি ও নিরাপদ জীবনের জন্যে দোয়া করছি।
সহকারী মৌলভী মাওলানা নুরুল করীম বলেন, এই বিদায় শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি এক জীবন্ত ইতিহাসের অবসান। হুজুর ছিলেন এক রূহানী অভিভাবক, একজন আলোকবর্তিকা যিনি নিরবে প্রজন্মকে আলোকিত করেছেন।
অনুষ্ঠান শেষে সভাপতি বিদায়ী সুপারকে গিফট তুলে দেন ও সহ-সুপার মাওলানা অহিদুল্লাহ আনসারীকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্বে হস্তান্তর করেন। অনুষ্ঠান শেষে বিদায়ী সুপারের সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত কামনা করে বিশেষ দোয়া করা হয়। অশ্রুসজল চোখে ছাত্র, শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকাবাসী তাঁকে বিদায় জানান। এ সময় তাঁকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান জুড়ে বিদায়ী সুপারের কণ্ঠে ছিল কৃতজ্ঞতা, ভালোবাসা ও দায়িত্ববোধের অনন্য প্রতিচ্ছবি। তাঁর ৪২ বছরের আলোকিত পথচলার স্মৃতিচারণ ছিল যেন এক ইতিহাসের সঞ্জীবনী পাঠ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ