১. তাওবা করা: তাওবা অর্থ ফিরে আসা বা প্রত্যাবর্তন করা। আল্লাহ তা‘আলার নাফরমানি থেকে ফিরে আসা, আল্লাহর হুকুমের পাবন্দি করার উপর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা এবং অতীতের কৃত কর্মের উপর অনুতপ্ত ও লজ্জিত হয়ে তা ছেড়ে দেওয়া এবং ভবিষ্যতে আর কখনো আল্লাহর নাফরমানি না করা ও তার হুকুমের অবাধ্য না হওয়ার ব্যাপারে দৃঢ় সংকল্প করা। এ দিন গুলোতে তাওবা করে আল্লাহর নৈকট্য লাভ করার একটি সুবর্ণ সুযোগ রয়েছে।
২. ফরয ও নফল ইবাদাতগুলো গুরুত্বের সাথে আদায় করা: ফরয ও ওয়াজিবসমূহ সময় মত সুন্দর ও পরিপূর্ণভাবে আদায় করা, যেভাবে আদায় করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল ইবাদতসমূহ তার সুন্নত, মুস্তাহাব ও আদব সহকারে আদায় করা। ফরয সালাতগুলো সময় মত সম্পাদন করা, বেশি বেশি করে নফল সালাত আদায় করা।বেশি বেশি কুরআনুল কারীম তেলাওয়াত করা। যেহেতু এ দিনগুলোতে আল্লাহর নৈকট্য অর্জন করার সর্বোত্তম সুযোগ।
৩. সিয়াম পালন বা রোজা রাখা: যিলহজ মাসের প্রথম দশ দিনের রোজা রাখা একটি গুরুত্বপূর্ণ আ'মল। যেহেতু অন্যান্য নেক আ'মলের মধ্যে সিয়ামও অন্যতম, তাই এ দিনগুলোতে খুব যত্নসহকারে সিয়াম পালন করা।
হজ্জ ও ওমরাহ করা : রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দু'টি মর্যাদাপূর্ণ ইবাদতের জন্য উম্মতকে উৎসাহিত করেছেন। এ দু'টি ইবাদতে রয়েছে পাপের কুফল থেকে আত্মার পবিত্রতা, যার মাধ্যমে মানুষ আল্লাহ রাব্বুল আ'লামিনের কাছে প্রিয় ও সম্মানিত হতে পারে। অতএব যাদের উপর হজ্জ ফরজ, তারা যেন এ মাসে হজ্জ- ওমরাহ আদায় করে করে।
৪. আল্লাহর যিকির করা: এ দিনসমূহে অন্যান্য আ'মলের মাঝে যিকিরের এক বিশেষ মর্যাদা রয়েছে। যেমন হাদিসে এসেছে: আব্দুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: এ দশ দিনে [নেক] আ'মল করার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় ও মহান আর কোনো আ'মল নেই। তোমরা এ সময়ে তাহলীল [লা-ইলাহা ইল্লাল্লাহ] তাকবীর [আল্লাহু আকবার] তাহমীদ [আল-হামদুলিল্লাহ] বেশি করে আদায় কর। [আহমদ, হাদিস: ১৩২]
হাদিসে আছে চারটি বাক্য আল্লাহর নিকট অধিক প্রিয়। ১-সুবহানাল্লাহ, ২-আলহামদু লিল্লাহ, ৩-লা-ইলাহা ইল্লাল্লাহু, ৪-আল্লাহু আকবর। এ দিনগুলোতে এ যিকিরগুলো করা যেতে পারে।
৫. তাকবীর, তাহলীল ও তাহমীদ : এ দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ত্ব ঘোষণার উদ্দেশ্যে তাকবীর পাঠ করা সুন্নত। এ তাকবীর প্রকাশ্যে ও উচ্চস্বরে মসজিদ, বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, বাজার সহ সর্বত্র উচ্চ আওয়াজে পাঠ করা হবে। তবে মেয়েরা নিম্ন-স্বরে তাকবীর পাঠ করবে। তাকবীর হল:—
"আল্লহু আকবারুল্লহু আকবার লা ইলাহা ইল্লাল্লহু ওয়াল্লহু আকবারুল্লহু আকবার ওয়া লিল্লাহিল হামদ"
সাহাবি আব্দুল্লাহ ইবনে উমর রা. ও আবু হুরাইরা রা. যিলহজ মাসের প্রথম দশকে বাজারে যেতেন ও তাকবীর পাঠ করতেন, লোকজনও তাদের অনুসরণ করে তাকবীর পাঠ করতেন। অর্থাৎ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এই দুই প্রিয় সাহাবি লোকজনকে তাকবীর পাঠের কথা স্মরণ করিয়ে দিতেন। [বুখারি, ঈদ অধ্যায়]
*তাকবীরে তাশরীক একটি ওয়াজিব আ'মল: আর তা শুরু হয় ৯ জিলহজ ফজর নামাজের পর থেকে। আর শেষ হবে ১৩ জিলহজ আসার নামাজে। যা এ পাঁচ দিন ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পর পড়া ওয়াজিব। চাই নামাজ একাকী আদায় করা হোক বা জামাতে। তাকবিরে তাশরিক পুরুষরা উচ্চ স্বরে আর নারীরা স্বশব্দে পড়বে। অর্থাৎ নারীদের তাকবিরের শব্দ যেন (গাইরে মাহরাম) অন্য লোকে না শোনে।
৬. আরাফার দিন রোজা রাখা: হজ পালনকারী ছাড়া অন্যদের জন্য আরাফার দিন রোজা রাখা। আবু কাতাদাহ রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার দিনের রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি আল্লাহর কাছে আশাবাদী, ইহা পূর্ববর্তী এক বছর ও পরবর্তী এক বছররে গুনাহর কাফফারা হবে। [মুসলিম: ১১৬৩]
৭. কুরবানির দিন তথা দশ তারিখের আ'মল: কুরবানির দিনটি হল বছরের শ্রেষ্ঠ দিন। হাদিসে এসেছে—
আব্দুল্লাহ ইবনে কুরত রা. থেকে বর্ণিত, রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আল্লাহর নিকট দিবসসমূহের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হল কুরবানির দিন, তারপর পরবর্তী তিনদিন। [আবু দাউদ: ১৭৬৫]
সামর্থ্যবান ব্যক্তি এ দিন গুলোতে কুরবানী দিতে হবে। কুরবানি বলা হয় ঈদুল আজহার দিনগুলোতে নির্দিষ্ট প্রকারের গৃহপালিত পশু আল্লাহর নৈকট্য অর্জনের লক্ষে যবেহ করা। ইসলামি শরিয়তে এটি ইবাদত হিসেবে সিদ্ধ, যা কোরআন, হাদিস ও মুসলিম উম্মাহর ঐক্যমত্য দ্বারা প্রমাণিত। কোরআন মজীদে যেমন এসেছে:—
‘তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় কর ও (পশু) নাহর (কুরবানি) কর।’ [সূরা কাউছার, আয়াত: ২]
৮. নখ-চুল ও পশম ইত্যাদি না কাটা: জিলহজের চাঁদ ওঠার পর এই দশ দিন কোরবানি আদায় করা পর্যন্ত শরীরের কোনো প্রকার চুল-পশম ও নখ না কাটা মুস্তাহাব। এ বিষয়ে বর্ণিত সকল হাদিস এবং সাহাবায়ে কেরাম ও তাবেয়িদের আ'মল থেকে প্রতীয়মান হয় যে, যারা কোরবানি করবেন এবং যারা সামর্থ্যের অভাবে কোরবানি করবেন না, সবার জন্যই এই আ'মল করা উত্তম। তবে যে ব্যক্তি কোরবানি করবে, তার জন্য এ আমলটি তুলনামূলক অত্যাধিক গুরুত্ব রাখে। আল্লাহর নবী সা. বলেন, ‘যখন তোমরা জিলহজের চাঁদ দেখতে পাও এবং তোমাদের কেউ কোরবানি করতে চায়, সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। [মুসলিম, হাদিস : ১৯৭৭]
৯.ঈদুল আযহার কিছু সুন্নত ও আদব: ঈদুল আযহার দিন নামাযের পরে খাব এমন করাই মুস্তাহাব। সহজে সম্ভব হলে এ মুস্তাহাব আমলের প্রতি লক্ষ্য রাখাই ভালো। আব্দুল্লাহ ইবনে বুরাইদা তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন- নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কোনো কিছু না খেয়ে ঈদগাহে যেতেন না। আর ঈদুল আযহার দিন নামায না পড়ে কিছু খেতেন না। [জামে তিরমিযী, হাদীস ৫৪২]
সশব্দে তাকবীর বলতে বলতে ঈদগাহে যাব ইনশাআল্লাহ। প্রথমে ঈদের নামায আদায় করবো, তারপর কুরবানী করবো। ঈদের দিন একে অপরের সাথে দেখা হলে যা বলব
জুবায়ের ইবনে নুফাইর রাহ. বলেন- সাহাবায়ে কেরাম ঈদের দিন পরস্পর সাক্ষাৎ হলে বলতেন- তাকব্বালাল্লহু মিন্না ওয়া মিনকুম অর্থাৎ আল্লাহ কবুল করুন আমাদের পক্ষ হতে ও আপনার পক্ষ হতে।[ফাতহুল বারী ২/৫১৭] কুরবানীর পশুর গোশত নিজে খাব অন্যদেরকে ও খাওয়াব আল্লাহ তাআলা ইরশাদ করেন-"কুরবানীর উট (ও গরু)কে তোমাদের জন্য আল্লাহর ‘শাআইর’ (নিদর্শনাবলি)-এর অন্তর্ভুক্ত করেছি। তোমাদের জন্য তাতে রয়েছে কল্যাণ। সুতরাং যখন তা সারিবদ্ধ অবস্থায় দাঁড়ানো থাকে, তোমরা তার উপর আল্লাহর নাম নাও। তারপর যখন (যবেহ হয়ে যাওয়ার পর) তা কাত হয়ে মাটিতে পড়ে যায়, তখন তার গোশত হতে নিজেরাও খাও এবং ধৈর্যশীল অভাবগ্রস্তকেও খাওয়াও, এবং তাকেও, যে নিজ অভাব প্রকাশ করে। এভাবেই আমি এসব পশুকে তোমাদের বশীভূত করে দিয়েছি, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর। [সূরা হজ্ব (২২) : ৩৬] "
একমাত্র আল্লাহ তা'য়ালাকে রাজি-খুশি করার জন্য কুরবানী করব।
যাকে আল্লাহ তা'য়ালা কুরবানী করার তাওফিক দিয়েছেন তার উচিত একমাত্র আল্লাহকে রাজি-খুশি করার উদ্দেশ্যে কুরবানী করা। আল্লাহ তা'আলা ইরশাদ করেন-
"আল্লাহর কাছে না পৌঁছে তাদের (কুরবানীর পশুর) গোস্ত আর না তাদের রক্ত, বরং তাঁর কাছে তোমাদের তাকওয়াই পৌঁছে। " [সূরা হজ্ব (২২) : ৩৭]
আসুন, গোনাহ থেকে বেঁচে থেকে এ মাসের সম্মান রক্ষা করি। নেক আ'মলের মাধ্যমে এ মাসের যথাযথ কদর করি। তাকবীর-তাসবীহ-যিকিরে প্রাণবন্ত করি এ মাসকে। তাওবা-ইস্তিগফারের মাধ্যমে ধন্য হই ক্ষমা লাভে। একমাত্র আল্লাহ তা'য়ালাকে রাজি-খুশি করার জন্য হজ্ব-কুরবানীসহ অন্যান্য আ'মল করি। যিলহজ্বের রোযার মাধ্যমে সমৃদ্ধ করি নেক আমলের ভান্ডার। আল্লাহ তা'য়ালা আমাদের তাওফিক দান করুন- আমীন।
মুফতি ইমাম মোঃ রেযাউল কারীম বুরহানি
ইমাম ও খতীব, দৌলতখান মডেল মাসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র।md.razaulkarim4973@gmail.com
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ