স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-১১৭ ও ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা করা হয়েছে। বুধবার (২৮ মে) বিকেলে লালমোহন উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় মজলিসে শুরা ও বরিশাল অঞ্চল টিম সদস্য একেএম ফখরুদ্দিন খান রাজী। প্রধান অতিথি তার বক্তব্যে ভোলা-৩ আসনের জামায়াতের প্রার্থী নিজামুল হক নাঈম এর নাম ঘোষণা করেন। নিজামুল হক নাইম বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) এর জেনারেল সেক্রেটারি।
জামায়াতে ইসলামী ভোলা জেলার সহ-সেক্রেটারী ভোলা-৩ আসন কমিটির পরিচালক মো. আখতার উল্লাহর সভাপতিত্বে এবং তজুমদ্দিন উপজেলা আমির আঃ রব এর সঞ্চালনায় আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় শুরা সদস্য ও ভোলা জেলা সেক্রেটারি কাজী হারুনুর রশিদ, জেলা কর্মপরিষদ সদস্য নুরুল ইসলাম, জেলা অফিস সম্পাদক অ্যাডভোকেট রহমতুল্যাহ সেলিম, জেলা যুব ও মিডিয়া সম্পাদক আমীর হোসেন, লালমোহন উপজেলা আমীর মাওলানা আঃ হক, মতিঝিল থানা শুরা কর্মপরিষদ সদস্য কাজী শাহে আলম, খিলগাও থানা শাখার সেক্রেটারি আলমগীর হোসেন সোহাগ প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের কল্যাণে কাজ করে। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার জামায়াতে ইসলামের উপর যেভাবে জুলুম, অত্যাচার ও নির্যাতন করছে তা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। আল্লাহ তায়ালার কাছে আমরা বারবার ওই জুলুমবাজ সরকার থেকে আমাদেরকে রক্ষার জন্য ফরিয়াদ করেছি। অবশেষে ৫ আগষ্ট জুলুমবাজ ফ্যাসিষ্ট সরকারের পতন হয়েছে। এখন জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ ও মানবিক বাংলাদেশ দেখতে চায়। আলোচনা সভা শেষে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারী এটিএম আজহারুল ইসলামের মুক্তি উপলক্ষে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ