ডেস্ক রিপোর্ট ॥ আজ ২২ মে। গোলাম নাফিজের জন্মদিন। ১৭ বছর বয়স, এইটুকু জীবন। যা শেষ হয়ে গেল পুলিশের ছোড়া গুলিতে, কিছু নিষ্ঠুর নিষ্ক্রিয়তা আর রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে। ৪ আগস্ট ২০২৪। ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচে গুলিবিদ্ধ হয় নাফিজ। তখনও তার দুইটা হাত রিকশার রড শক্ত করে ধরে ছিল। শুধু অস্পষ্টভাবে ধরে রাখা নয় আকড়ে ধরে, বাঁচার চেষ্টা করে। শেষ মুহুর্তে বেচে থাকার একটু চেষ্টা।
রিকশাচালক নূর মোহাম্মদ তাকে নিয়ে দ্রুত প্যাডেলে যেতে চান হাসপাতালে। হাত-পা গুলিয়ে দ্রুততার সঙ্গে ফার্মগেটের একটা হাসপাতালে ঢুকতে গেলে, আওয়ামী লীগের কিছু নেতা বাধা দেয়। বাঁধা দেয়-একটা মুমূর্ষু ছেলেকে হাসপাতালে নিতে। ভেবে দেখেন কত নিষ্ঠুর, অমানুষ এরা। কেমন সমাজে আমরা আছি। পরিবার তখনো কিছু জানে না। নাফিজ নিজের ফোন বাড়িতে রেখে গিয়েছিল। ৩টার দিকে বন্ধুর ফোন থেকে মাকে বলে “আমি ফার্মগেটে, ভালো আছি, তাড়াতাড়ি বাসায় ফিরব।” কিন্তু সে আর ফেরে না। ফিরে ঠিকই, তবে নিথর দেহ।
রিকশার পাদানিতে তার নিথর রক্তাক্ত দেহ ঝুলতে থাকে, আর জীবন আহমেদ নামে এক ফটো সাংবাদিক, পুলিশ ও নেতাদের বাঁধা উপেক্ষা করে কয়েকটা ছবি তোলে।যে ছবি পরদিন রাত ১২টার পর মানবজমিনের প্রথম পাতায় ছাপা হয়, আর ফেসবুকে ছড়িয়ে পড়ে। তখনই মা-বাবা প্রথমবারের মতো বুঝতে পারেন ছেলেটি আর নেই। রিকশার রডে হাত রাখা সেই ছবি দিয়ে তারা চিনে ফেলেন, চাঁদের মতো মুখটা রক্তে লেপ্টে গেছে, আর তাদের পৃথিবী ভেঙে চুরমার হয়ে গেছে।
নাফিজ বনানী বিদ্যানিকেতন থেকে এসএসসি-তে এচঅ-৫ পেয়েছিল। এইচএসসিতে ভর্তি হয়েছিল। গোলাম নাফিজ রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে পাশ করে নৌবাহিনী কলেজ ঢাকায় ভর্তি হয়েছিলেন। আর্মি অফিসার হবেন-এমন স্বপ্নে কলেজে ভর্তি হলেও খুনিরা তার সেই আশা পূরণ করতে দেয়নি।
নাফিজের রুমে একটি বড় ব্যানার টানানো। ব্যানারে রিকশার পাদানিতে মাথায় জাতীয় পতাকা বাঁধা রক্তাক্ত নাফিজের সেই ছবি ভাসছে। তার বাবার কথাগুলো কানে বাজে- “ওই যে দেখেন, রিকশার রডটা ধইরা রাখছিল। তখন যদি পাইতাম, একটু চেষ্টা করতে পারতাম বাঁচানোর”। এই রাষ্ট্র তাকে বাঁচায়নি। পালিয়ে গেছে তার রক্তের দায় থেকে। গোটা প্রশাসন, পুরো সিস্টেম তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এটা দুর্ঘটনা না।এটা হত্যা। একটা রাষ্ট্র কীভাবে নিজের ভবিষ্যৎকে মেরে ফেলে গোলাম নাফিজ তার প্রমাণ।
আজ তার জন্মদিন। তাকে কেউ ভুলে যাবে না, কারণ এই দেশের রাস্তায়, রিকশার পাদানিতে, প্রতিবাদের ছবিতে সে রয়ে গেছে। শহীদ গোলাম নাফিজরা তাদের জীবনের বিনিময়ে এনে দিয়েছে নতুন এক বাংলাদেশ। কিন্তু নতুন বাংলাদেশ এর যেই স্বপন তারা দেখেছিলো সেই স্বপ্ন কি আদৌ পূরণ হচ্ছে ?
আজ নাফিজের জন্মদিনে কেক কাটা নেই। আছে দায়, আছে শোক, আছে রাগ। আর আছে একটা অঙ্গীকার “শহীদের রক্ত বৃথা যেতে দিব না।”
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ