
ড. টি. এন রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : আমার স্বামী ছিলেন রাশভারী লোক। কিন্তু যখন তিনি আমার সৃজনশীল কর্মক্ষমতার পরিচয় পেলেন তখন তিনিই আমাকে সৃষ্টিশীল এ কাজের জন্য উৎসাহিত করতে লাগলেন। আমি নাটক করতে পছন্দ করতাম। কিন্তু উনি সব সময় বলতেন যেন আমি লেখি। তিনি চাইতেন আমার নিজস্ব কিছু সৃষ্টি হোক। আমার স্বামীর সাথে আমি ১৯৩৯ সালে তার চাকরির সুবাদে চলে যাই সিরাজগঞ্জে। সেখানে দুই-তিন বছর থাকার পর আমরা খুলায় চলে গেলাম। এভাবেই অতিবাহিত হতে থাকল আমার বিবাহিত জীবন।
১৯৫৪ সাল, আমি তখন খুলনায়। যুক্তফ্রন্টের তোড়জোড় চলছিল। প্রায়ই মিটিং-মিছিল হয়। একদিন খুলনা মিউনিসিপ্যাল হলে এক সভঅয় মহিলা নেত্রী কে হবে তা নিয়ে আলোচনা চলছিল। সকল গণ্যমান্য ব্যক্তিদের মতানুযায়ী আমাকে আওয়ামীলীগের প্রেসিডেন্ট নিযুক্ত করা হল। আমি বেশ ইতস্তত করছিলাম। এরপর থেকে বিভিন্ন মিটিং-মিছিলে আমি নিয়মিত বক্তৃতা দিতে লাগলাম। মুসলিমলীগ গভর্ণমেন্ট আমার বক্তৃতার কারণে পুলিশী নজরবন্দি করল। খুলনার ডিষ্ট্রিক্ট ম্যাজিষ্ট্রেট কামরুল ইসলাম আমার স্বামীকে ডেকে নিয়ে আমার ক্যানভাস বন্ধ করতে বলেন। বদরুন্নেছা আহমেদ, আয়েশা সরদার (মুসলিম লীগ) আমাকে এসে বললেন আমি যেন তাদের পক্ষে কাজ করি। আমি তখন করোনেশন গার্লস হাই স্কুলের ডোনার।
পাকিস্তান মহিলা রক্ষীবাহিনীর ক্যাপ্টেন হিসেবে ট্রেনিং দিয়ে যাচ্ছি। সেই সুবাদে ১৯৫১ সালে আমাকে যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশালে এই চার জেলার কোম্পানী কমান্ডার নিযুক্ত করা হল। খুলনা সার্কিট হাউজে আমার প্রথম বঙ্গবন্ধুর সাথে দেখা হয়। ১৯৬৯-এ আমার স্বামী অবসর গ্রহণ করলে আমরা ঢাকায় বসবাস শুরু করলাম। ঢাকায় এসে আমার সামনে রাজনীতির বিশাল দরজা খুলে গেল। আমি মহিলা লীগের সাথে মিলিত হয়ে রাজনৈতিক কর্মকান্ডে ঝাপিয়ে পড়লাম। একদিন কে যেন আমাকে বলল, বঙ্গবন্ধু আপনাকে ডেকে পাঠিয়েছেন। আমি তার সাথে দেখা করতে গেলাম। কথাবার্তায় বঙ্গবন্ধু যখন জানলেন আমি পিডব্লিউএসজি এর ক্যাপ্টেন, তখন তিনিই আমাকে বলেন, দেশের জন্য কিছু করেন। মেয়েদের রাইফেল ট্্েরনিং দেন। যাতে মেয়েরা একেবারে অযথা না মরে দু-একটা শত্রুও ধ্বংস করতে পারে। আমি তার কথায় দারুনভাবে উৎসাহিত হয়ে দেশের জন্য কাজে নেমে পড়লাম। ১৬ থেকে ২২ বছর বয়সী মেয়েদের রাইফেল ট্রেনিং দিলাম, যারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে।
(চলবে--------)
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ