স্টাফ রিপোর্টার ॥ বাংলা নতুন বছর-১৪৩২-এ ১লা বৈশাখে ভোলায় বিএনপির উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় শহরের কালিনাথ রায়ের বাজারস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে বৈশাখী শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলমসহ জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও তার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দীর্ঘ ১৭ বছর পর জেলা বিএনপির নেতা-কর্মীরা মুক্ত বাতাসে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নতুন বছরকে বরণ করে। স্বৈরাচারী আওয়ামীলীগের আমলে দলীয় নেতা-কর্মীরা এভাবে নতুন বছরকে স্বাগত জানাতে পারেনি। এ বছর তারা বাদ্যের তালে তালে এভাবে নেচে-গেয়ে নতুন বছরকে স্বাগত জানায়। আনন্দ শোভাযাত্রাকে সফল করতে সকাল থেকেই ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে দলীয় নেতা-কর্মীরা মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যায়ে এসে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে দলীয় কার্যালয়ের সামনে যেন জন সমুদ্রে পরিণত হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ