শরীফ হোসাইন ॥ ভোলায় নানা আয়োজনে ১লা বৈশাখ পালিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৭ টায় বাংলা নববর্ষ উপলক্ষে ভোলা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে বর্ষকে বরণ করা হয়।
জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান ও পুলিশ সুপার শরীফুল হকের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের চত্ত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। আনন্দ শোভাযাত্রার ফতুয়া, লুঙ্গি ও গামছা পড়ার কারণে বিশেষভাবে বাঙালিয়ানার বিশেষত্ব ফুটে ওঠে। এ সময় নতুন বছরকে স্বাগত জানিয়ে রং-বেরঙের প্ল্যাকার্ড, বাঘ, প্যাঁচা, জাতীয় ফল, পাখি, মাছ, রাজা, রানীসহ নানান রকমের মুখোশ ও রঙিন কাগজের নকশা আঁকা নিয়ে শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন স্কুল-কলেজের ও চারুকলার শিক্ষার্থীরা। এ সময় বাদ্যের তালে তালে এবং বৈশাখী গানে পুরো শহর মুখরিত থাকে। আনন্দ শোভাযাত্রা শেষে অফিসার্স ক্লাব মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সেখাবে বৈশাখী গানসহ নৃত্য, দলীয় এবং ছোট্ট সোনামনিদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝেই জেলা প্রশাসনের পক্ষ থেকে বাঙালীর সেই চিরায়ত পান্তা ভাত, ভর্তা, মাছ দিয়ে অতিথিসহ সকলকে আপ্যায়িত করা হয়। সর্বশেষে নতুন বর্ষকে বরণ করার অনুষ্ঠান উপলক্ষে আগেই বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে বাংলা নববর্ষ উপলক্ষে ভোলাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জেলা প্রশাসক মো: আজাদ জাহান বলেন, আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি। আমরা আমাদের ঐতিহ্যকে তুলে ধরতে চেয়েছি। বাংলাদেশ যে সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি সেটা আমরা দেখাতে চেয়েছি। আজ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই অনুষ্ঠানে অংশ নিয়েছি। আজ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা এক কাতারে। আমরা সকলকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এ দেশকে গড়ে তুলব এবং বিকশিত করবো।
এ সময় তিনি আরো বলেন, বাংলা নববর্ষ উপলক্ষে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে শোভাযাত্রা, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছি। আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সুপার শরীফুল হক বলেন, মানুষ উৎসবমুখর পরিবেশে ১লা বৈশাখ উদযাপন করেছে। সুন্দরভাবে বাংলার হাজার বছরের এই ঐতিহ্য বাংলা নববর্ষ উদ্যাপিত হয়েছে। যা যুগ যুগ ধরে বাঙালি জাতি যে ঐতিহ্যকে ধরে রেখেছে এ বছর প্রতি বছরের তুলনায় আরো সুন্দরভাবে ১লা বৈশাখ উদযাপিত হয়। কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আনন্দ শোভাযাত্রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, গণঅধিকার পরিষদসহ সকল রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারা, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্বৈরাচারী ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারের পতরেন পর নতুন বাংলাদেশে নতুন রূপে ১লা বৈশাখ উদযাপন করতে পেরে সাধারণ মানুষের মাঝে এক প্রাণ চাঞ্চল্য বিরাজ করছে এমনটাই লক্ষ্য করা গেছে। আজ আমরা আমাদের মনের মত করে বৈশাখী উৎসব পালন করেতে পেরেছি। বিগত সরকারের আমলে এত সুন্দর ও শৃঙ্খলভাবে ১লা বৈশাখ উদযাপিত হয়নি। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকুক এবং দেশ ও দেশের মানুষের কল্যাণ বয়ে আনুক এই পত্যাশাই কামনা করছি।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ