স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলায় অটোরিকশা চাঁপায় সানি (৫) নামের এক শিশু মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। অটোরিকশা চাঁপায় নিহত শিশু মো. সানি ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পন্ডিতেরপুল বাজার সংলগ্ন ঘরানি বাড়ির মো. হানিফের ছেলে।
পুলিশ ও শিশুর স্বজনরা জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের পন্ডিতেরপোল বাজার সংলগ্ন ঘরানি বাড়ির সামনের সড়কের পাশে শিশু সানিসহ ৩ শিশু একত্রে খেলছিল। এ সময় দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা এসে শিশু সানিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় শিশু সানি ঘটনাস্থলে গুরুতর জখম হলে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনার সময় পথেই মারা যায়।
শিশু সানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর হাসপাতালে কর্মরত পুলিশ কর্মকর্তা মো. মামুন বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা চাঁপায় শিশু সানি গুরুতর আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালক আটক আছে। শিশুটির মরদেহ ভোলা সদর হাসপাতালে রয়েছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ