স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকালে ভোলা শিল্পকলা অডিটোরিয়াম এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ভোলা জেলা জামায়াতে ইসলামী আমীর মোহাম্মদ জাকির হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান বলেন, এই সরকার ব্যর্থ হলে রাষ্ট্র ব্যর্থ হয়ে যাবে। তাই এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। সেইসাথে রাষ্ট্রকে সংস্কার করে সকল অনিয়ম-দুর্নীতিমুক্ত করতে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান। একই সাথে দ্রুত সময়ের মধ্যে অন্তভর্তিকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানান।
তিনি আরো বলেন, যারা দেশে ক্ষমতায় ছিল তারা শুধু নিজেদের আখের গুছিয়েছে, তারা জনগণের কল্যাণ করে নাই। আজকে শহীদরা রক্ত দিয়ে আমাদের ঋণী করেছে। আজকে ছাত্রদের আত্মত্যাগের কারণে আমরা বাক স্বাধীনতা ভোগ করছি।
মজিবুর রহমান বলেন, স্বৈরাচারী শাসকের প্রেতাত্মারা যেভাবে বাড়িতে বাড়িতে হানা দিয়ে হামলা ও মামলা করছিল, আজকে সেই অবস্থা থেকে আমরা মুক্তি পেয়েছি। সেই ঋণ আমাদের শোধ করতে হবে। শহীদরা যে নতুন বাংলাদেশ গড়ার জন্য রাজপথে ঝাপিয়ে পড়েছিল, সেই শোষণমুক্ত সমাজ গঠন করতে হবে। যেখানে মানুষ সহজে তাদের অধিকার ভোগ করবে।
বিগত ১৭ বছর আওয়ামী লীগের গুম-হত্যা ও নির্যাতনের কারণে ভোলাতে জামায়াতে ইসলাম প্রকাশ্য কোন সভা-সমাবেশ করতে পারেনি। সে সময়ে গোপনেই সংগঠনের কাজ এগিয়ে নিতে হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামীলীগ সরকার বিতাড়িত হওয়ার পর দেশে এখন একটা স্থিতিশীল নিরাপদ পরিবেশ বিরাজ করছে। সম্মেলনে বাংলাদেশে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামি হুকুমাত কায়েম করার জন্য সকলকে এগিয়ে আসার আহবান করা হয়।
কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ভোলা জেলার সম্মানিত সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামি ভোলা জেলার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি ইসমাইল হোসেন মনির, জেলা কর্ম পরিষদের সদস্য মাওলানা আখতারুল্লাহ, মাওলানা জাকির হোসাইন, মাওলানা আমির হোসাইন, জেলা অর্থ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসেন, ভোলা পৌর আমির মাওলানা মোঃ জামাল উদ্দিন, সেক্রেটারি মোঃ রুহুল আমিন, পৌর অর্থ সম্পাদক মাওলানা আতাউর রহমান কামাল। এসময় জামায়াতে ইসলামীর বিভিন্ন উপজেলার ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ