মেসকাত আহাম্মেদ : ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন ভোলার সাধারণ শিক্ষার্থীরা । ভারতে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করেন তারা । আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ভোলা সরকারি কলেজের প্রধান ফটক থেকে এ মিছিল বের হয় । মিছিলে বিক্ষোভরত শিক্ষার্থীরা ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ভারতের দালালরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমার দেশ ডুবলে কেনো, সরকারের কাছে জবাব চাই’, ‘পেতে চাইলে মুক্তি, ছাড়তে হবে ভারত ভক্তি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ এমনসব স্লোগান দিতে থাকে । এরপর মিছিলটি সদর রোড প্রদক্ষিণ করে ভোলা প্রেসক্লাবের সামনে এসে মিলিত হয়। এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা ভারতকে হুঁশিয়ার করে বলতে চাই, এই কৃত্রিম বন্যায় আমাদের জানমালের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসাব ভারতকে দিতে হবে। আপনাদের সৃষ্টি বন্যায় আমাদের বাড়িঘর ভাসিয়ে দিয়ে আপনারা শান্তিতে থাকতে পারবেন না। যদি শান্তিতে থাকতে চান, তাহলে আন্তর্জাতিক নদী আইন মেনে আমাদের পানির অধিকার আমাদেরকে দেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ