ডেস্ক রিপোর্ট ॥ বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের এক দফা দাবীতে যখন উত্তাল ভোলা তখন আইনশৃঙ্খলা রক্ষাকারীর গুলিতে প্রাণ হারিয়েছেন ছাতা শ্রমিক মোঃ জসিম। গত ৪ আগষ্ট ভোলার নতুন বাজার চত্ত্বরে দুপুর দেড়টার দিকে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারীর গুলিতে মৃত্যু বরণ করেন। তিনি পৌর নবীপুর এলাকার ৩নং ওয়ার্ডের আবু কালাম খলিফার পুত্র।
জানা গেছে, বৈশম্য বিরোধী ছাত্র আন্দলনের এক দফা দাবীতে গত ৪ আগষ্ট ভোলা ছিল উত্তাল। সকাল থেকেই আন্দোলনকারী ছাত্র-জনতার সাথে আওয়ামীলীগের ধাওয়া পাল্টা ধায়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে উত্তেজিত ছাত্র-জনতা আওয়ামীলীগ অফিস, ডিসি অফিস, পৌরসভা, উপজেলা ভূমি অফিস, মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাংচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুপুড় দেড়টার দিকে শহরের নতুন বাজারে টিয়ারসেল ও গুলি চালায়। জসিমের দোকান ছিল নতুন বাজারেই। তিনি দোকান বন্ধ করে ফুটপাত দিয়ে বাড়ীর দিকে রওয়ানা হচ্ছিলেন। ঠিক তখনই তিনি গোলাগুলির মধ্যে পড়েন। গুলি বিদ্ধ হয়ে তিনি তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। স্থানীয় জনতা তাকে উদ্ধার করে প্রথমে ওয়েষ্টার্ণপাড়া নিয়ে আসা হয়। পরে তার পরিবারকে খবর দিলে আত্মীয়-স্বজন এসে তার লাশ উদ্ধার করে নিয়ে যায় এবং সন্ধ্যার দিকে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত জসিম স্ত্রী এবং ছোট ছোট ১ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
নিহত জসিমের চাচা মাহাবুব আলম বলেন, ঘটনার দিন জসিম দোকান বন্ধ করে ফুটপাত দিয়ে বাড়ীর দিকে যাচ্ছিলেন। ওই সময় গোলাগুলি মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় জসিম। জসিমের ছোট ছোট নাবালক ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে। তাদের পরিবারের অবস্থা খুবই সোচনীয়। ওই পরিবারে উপার্জনাক্ষম কেউ না থাকায় পুরো পরিবারটি এখন পথে বসার উপক্রম দেখা দিয়েছে। সরকারের কাছ থেকে যদি কোন সহযোগিতা করা হতো তা হলে পরিবারের কিছুটা উপকার হতো। এছাড়াও তিনি দাবী করেন জসিমের পরিবারের কারো যদি সরকার চাকুরীর ব্যবস্থা করতো, তা হলে তাদের পরিবারের বর্তমানে যে অসহায়ত্ব দেখা দিয়েছে সেখান থেকে পরিত্রান পেত। সরকার সহ সমাজের বিত্তবানরা জসিমের পরিবারকে সহযোগিতা করার জন্য জসিমের চাচা মাহাবুব এর ০১৭২৪-১৭১৭৫০ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ