আশরাফুল আলম সজিব ॥ ভোলায় কোটাবিরোধী ছাত্র-জনতার গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আন্দোলনে নিরস্ত্র ছাত্র-শিক্ষকদের উপর পুলিশের হামলা, গণগ্রেফতার, নির্বচারে গুলি করার প্রতিবাদে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ভোলায় গণমিছিল করেছে ছাত্র ও জনতা। মিছিলকে ঘিরে শহরময় আইন-শৃঙ্খলা বাহিনী ছিলো শতর্ক অবস্থানে। শুক্রবার (২ আগস্ট) জুমআর নামাজ শেষে বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী ছাত্র ও জনতার এ গণমিছিল অনুষ্ঠিত হয়।
জুমআর নামাজ শেষে বেলা ২টার দিকে সদর রোডের খলিফাপট্টি মসজিদের সামনে থেকে কোটাবিরোধী আন্দোলনের ছাত্ররা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে ছাত্রদের সাথে সাধারণ জনগণও অংশগ্রহণ করে। মিছিলটি বাংলাস্কুল মোড়, কালিবাড়ী মোড়, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দিয়ে ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন গোল চত্ত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারিরা ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’ একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ তোর কোটা তুই নে, আমার ভাইকে ফিরিয়ে দে’ এমন নানা শ্লোগান দিতে থাকে।
গণমিছিলে আন্দোলনকারীরা বলেন, যে সরকার আমাদের টাকায় কেনা গুলি দিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করে এমন সরকার আমাদের দরকার নেই। প্রতিটা ফোঁটা রক্তের জবাব দিতে হবে। তারা পুলিশকে উদ্দেশ্য করে বলেন, পুলিশ কত জনকে গ্রেফতার করবে ? সেই পরিমান ধারন ক্ষমতা দেশের কারাগারগুলোতে নেই।

তারা আরও বলেন, ৯ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলমান থাকবে। এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেনে, যতদিন আন্দোলন সফল না হবে ততদিন পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ না করার আহ্বান জানান তারা। গণমিছিলের আগে জুমআর নামাজ শেষে ভোলার প্রত্যেকটি মসজিদে দেশের পরিস্থিতি, নিহত এবং আহতদের স্মরণে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে মিছিলকে ঘিরে শহরময় পুলিশ, ডিবি, কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা ছিলো শতর্ক অবস্থানে। কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ