বনি আমিন, ইলিশা ॥ ভোলা সদর উপজেলার দুইটি ইউনিয়নের সংযোগ সড়ক দিয়ে প্রাইমারি স্কুল, মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ স্থানীয় কয়েক হাজার লোকের যাতায়াত। রাস্তাটি মেরামত না করায় বর্তমানে জনদুর্ভোগ চরমে। অতি দ্রুত রাস্তটি সংস্কার না করা হলে প্রতিবাদ-মানববন্ধন করার হুশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোলা সদর উপজেলার ২ নং ইলিশা ইউনিয়নের ইলিশা জংশন হইতে রৌদ্রর হাট পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার রাস্তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বিকল্প কোনো পথের ব্যবস্থা না থাকায় এই ভাঙ্গা রাস্তা দিয়েই চলাচল করতে হয় স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী এবং এলাকার জনগণকে। রাস্তাটি সংস্কার না করায় সারা বছরে প্রায় ভোগান্তির শিকার হতে হয় গ্রামবাসীর। বিশেষ করে বর্ষা মৌসুমে এ রাস্তা দিয়ে চলতে গিয়ে সীমাহীন কষ্ট পোহাতে হয় তাদের। এই এলাকার মানুষের আতংক ও ভয়ের মধ্যে থাকে। কখন না জানি বড় ধরনের দুর্ঘটনা ঘটে। বৃষ্টি হলেই রাস্তায় জমে হাঁটু সমান পানি।
আরো জানা গেছে, রাস্তাটি ভাঙ্গার কারণে গ্রামের এ রাস্তায় কোনো অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, ভ্যান-রিক্সা ঢোকে না। মোটরসাইকেল, বাইসাইকেলে তো দূরে থাক, খালি পায়ে হেঁটে চলাচল করাও দুষ্কর। বৃষ্টির দিনে গ্রামের কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনো যানবাহন ও অ্যাম্বুলেন্সও এখানে ঢুকতে পারে না। অনেক সময় কেউ মারাত্মক অসুস্থ হয়ে পড়লে কাঁধে করে কর্দমাক্ত রাস্তা পার করা হয়।
স্থানীয় বাসিন্দা বিশিষ্ট মাছ ব্যবসায়ী নাগর হাজারি বলেন, আমাদের দুঃখ-কষ্ট, দুর্ভোগের কথা কেউ শুনে না। আমাদের ভোগান্তির কথা বলে বোঝানো যাবে না, নিজ চোখে দেখতে হবে। আমরা ঠিকমতো হাটবাজারে যেতে পারি না। কৃষিপণ্য সময় মতো বিক্রি করতে পারি না। আমাদের ছেলে-মেয়েরা কষ্ট করে স্কুল-কলেজে যায়। বিশেষ করে বৃষ্টি-কাদার দিনে জুতা স্যান্ডেল হাতে নিয়ে দুই কিলোমিটার কাদা মাড়িয়ে যাতায়াত করতে হয়। আর কত কাল এ কষ্ট করতে হবে কে জানে।

তিনি আরো বলেন, সামান্য বৃষ্টি হতে না হতেই রাস্তার পরিস্থিতি খারাপ হয়ে যায়। এমন পরিস্থিতিতে কি করে চলাচল করব আমরা কিছুই বুঝতে পারি না। শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এই এলাকার এইচএসসি পরীক্ষার্থী আছে তাদের এমন পরিস্থিতির শিকার হয়ে পরীক্ষার কেন্দ্রে যেতে হয়েছে। জনপ্রতিনিধিদের কাছে ধর্ণা দিয়েও কোনো ফল হয়নি। তাদের কাছে অনুরোধ আমাদের এই রাস্তার দিকে একটু নজর দেওয়ার জন্য।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ