মাহে আলম মাহী ৷৷ ভোলার স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা 'গ্রামীণ জন উন্নয়ন সংস্থা' ডেইরি আইকন-২০২৩ পুরস্কারের জন্য চূড়ান্ত ভাবে নির্বাচিত হয়েছে। আগামী শনিবার (১লা জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৪ উদযাপন ও ডেইরি আইকন সেলিব্রেশন অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথির হাত থেকে এ পুরস্কার গ্রহন করবেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন মহিন।
দুধ উৎপাদন বৃদ্ধিতে খামারি ও উদ্যোক্তাদের উৎসাহিত করতে দুগ্ধ খাতে দেশের সফল খামারি ও উদ্যোক্তাদেরকে তৃতীয়বারের মতো ডেইরি আইকন পুরস্কার ২০২৩ প্রদান করা হবে। বিশ্ব দুগ্ধ দিবসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদফতর। ২০২২ সালে প্রথমবারের মতো এ পুরস্কার প্রদান করা হয়।
এবছর গ্রামীণ জন উন্নয়ন সংস্থাকে দুধ ও মাংস প্রক্রিয়াকরণ ক্যাটাগরিতে এ পুরস্কারে চূড়ান্ত ভাবে নির্বাচিত করা হয়। প্রতিটি পুরস্কারের জন্য নির্দিষ্ট আর্থিক মূল্য এবং সেই সাথে প্রত্যেককে ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে।
এব্যাপারে জানতে চাইলে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন ডেইরি আইকন-২০২৩ পুরস্কারে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোলা জেলার সামগ্রিক উন্নয়নে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। এই কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ধরনের পুরস্কার সংস্থাটি ইতোমধ্যে গ্রহণ করেছে। সংস্থার অন্যতম একটি কাজের মধ্যে দুগ্ধ ও মাংস প্রক্রিয়াকরণ একটি বিশেষ কর্মসূচি। এই কর্মসূচির স্বীকৃতি স্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদফতর গ্রামীণ জন উন্নয়ন সংস্থাকে ডেইরি আইকন-২০২৩ পুরস্কারে চূড়ান্তভাবে মনোনীত করেছেন। গত ২৭ মে এর একটি চিঠি আমরা হাতে পেয়েছি। আগামী ১লা জুন ডেইরি আইকন সেলিব্রেশন অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হবে।
তিনি আরও বলেন, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরূপ ইতোমধ্যে আরও বেশ কিছু পুরস্কার গ্রহন করেছে তার মধ্যে জাতীয় যুব পুরস্কার-২০১৩, আইএফডিসি পুরস্কার-২০১৩ এবং চ্যানেল আই-স্ট্যান্ডার্ড চ্যাটার্ড অ্যাগ্রো অ্যাওয়ার্ড-২০১৯ লাভ করেছে। এছাড়াও ক্রীড়া ও সংস্কৃতিতে অবদান রাখায় ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের হাত থেকেও সংস্থাটি পুরস্কার প্রাপ্ত হয়।
তিনি বলেন, আমাদের কাজের স্বীকৃতির জন্য আমাদেরকে ডেইরি আইকন-২০২৩ পুরস্কারে চূড়ান্তভাবে নির্বাচিত করায় আমরা সরকার ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পুরস্কার প্রদানের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের কাজের স্পৃহা ও দায়িত্বশীলতা বেড়ে গেল। আশা করছি এর মাধ্যমে আমারা ভোলার মানুষের জন্য আরও নিবিড়ভাবে আরও অধিক কাজ করতে সক্ষম হবো।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ