ইয়ামিন হোসেন।
আমার বাবাকে রাস্তা থেকে ধরে নিয়ে বড় মানিকা ১নং ওয়ার্ডের চইদার (গ্রাম পুলিশ) শরীফের নেতৃত্বে গরু চোর বলে শুভ, রায়হানরা পিটিয়ে চনখোলা নামক জায়গায় বেঁধে রেখেছে।
আমি গিয়ে দেখি আমার বাবার হাত পা বাঁধা এবং চইদার (গ্রাম পুলিশ) শরীফ একটা লাঠি হাতে নিয়ে পাশে বসে আছে। ওরা তখন যুক্তি করতেছে, আবার বাবাকে কি করবে। বাবা তখন মৃত্যু প্রায়। আর আহ পানি, আহ পানি করতেছে। আমি গিয়ে এ অবস্থায় শুভরে কইলাম, কিরে শুভ আমার বাবার এ অবস্থা কা (কেনো) । কোন কথা বলে না, মনে হয় আমারে ও মারবে। আমি সেখান থেকে গিয়ে পড়ে ৯৯৯ এ ফোন করে বাবাকে উদ্ধার করি।
এ প্রতিবেদকে এমন করেই ঘটনার বননা দিয়েছেন গত বৃহস্পতিবার ভোলা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসা দিতে বরিশাল নেওয়ার পথে মৃত্যুবরণ করা নিহতের বড় ছেলে মেহেদী।
নিহতের বড় ছেলে মেহেদী জানান, চইদার (গ্রাম পুলিশ) শরীফের সাথে আমার পূর্ব বিরোধ সেই বিরোধের জের ধরেই তারা মিলে গত ৯ জানুয়ারী রাতে আমার বাবাকে গরুচোর বলে গণপিটুনি দিয়ে ওয়াজেদ হাওলাদার বাড়ীর মোড়ের চনখোলায় বটগাছের সাথে বেঁধে রেখেছে।
আমি ৯৯৯ এ ফোন করে পুলিশ দিয়ে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিলে ডাক্তার ভোলা হাসপাতাল পাঠান। ভোলা থেকে বরিশাল নেওয়ার পথে তিনি ভেদুরিয়া ঘাটেই মারা যান। আমার বাবার মৃত্যুর জন্য শরীফই দায়ী। আমি শরীফের বিচার চাই।
অন্যদিকে নিহতের স্ত্রী জানান, এই ঘটনার সাথে কুতুবার জোবায়ের চেয়ারম্যান ও জড়িত, তার সাথেও পূবের বিরোধ ছিলো।
কি ঘটে ছিলো ৯ই জানুয়ারী রাতে? কেনোই বা আলাউদ্দিন কে গণপিটুনি দিলো এর সত্যতা জানতে এ প্রতিবেদক শুক্রবার সকালে বোরহানউদ্দিনের মানিকা ও কুতুবা ইউনিয়নের ঘটনাস্থলে যান।
ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, আলাউদ্দিন একজন পেশাদার গরু চোর, মানিকা, কুতুবা দুই ইউনিয়নের বিভিন্ন বাড়ীতে গরু চুরি, সিঁধকাটা চুরির মত অসংখ্য অভিযোগ রয়েছে নিহত আলাউদ্দিনের বিরুদ্ধে।
তবে ৯ই জানুয়ারী রাতে আলাউদ্দিন কুতুবা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আনোয়ার নামের এক কৃষকের গোয়াল ঘর থেকে গরু চুরির চেষ্টা করেন বলে অভিযোগ তুলেন আনোয়ার। কৃষক আনোয়ার বিষয়টি টের পেয়ে চোর চোর বলে আলাউদ্দিন কে আটক করার চেষ্টা করলে। আনোয়ার কে কিল ঘুষি মেরে পালিয়ে যান আলাউদ্দিন। পরে স্থানীয়রা আনোয়ারের ডাক চিৎকার শুনে আলাউদ্দিন কে ধাওয়া করে আটক করেন। আটকের পরই জনতা গণধোলাই দিয়েছে আলাউদ্দিন কে। তবে জনতা আটকের পরই আনোয়ার বাড়ীতে চলে আসেন কে বা কাহারা গণপিটুনি দিয়েছেন এটা জানেন না বলে জানিয়েছে আনোয়ার।
এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় আনোয়ার বাদী হয়ে আলাউদ্দিনের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করেছে বলে জানিয়েছে আনোয়ার।
আনোয়ারের বাড়ী বোরহানউদ্দিনের কুতুবা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে আর নিহত আলাউদ্দিনের বাড়ী বড় মানিকা ২নং ওয়ার্ডে আর শরীফ চকিদার দায়িত্বশীল হলেন মানিকা ১নং ওয়ার্ডে তাহলে এ ঘটনার সাথে শরীফ জড়িত হলো কেনো? কেন-ই বা শরীফ কে দোষারোপ করা হচ্ছে? এ ঘটনা জানতে এ প্রতিবেদক শরীফের বাড়ীতে গেলে প্রথমে শরীফ পালিয়ে যান। দীর্ঘ সময় অপেক্ষার পর শরীফ এসে স্বীকার করেন যে ওই রাতে তিনি ঘটনাস্থলে ছিলেন। হাত পা বাধা অবস্থায় আলাউদ্দিন কে রাখা হয়েছে। এ ছাড়া শরীফ বলেন, আমি সেদিন গিয়ে আলাউদ্দিন কে জিজ্ঞাসা করেছি আপনি এখানে কেনো এসেছেন। আলাউদ্দিন উত্তর দিয়েছে তিনি আর নোমান গোটা (ইয়াবা) খেয়ে রাস্তা দিয়ে যাওয়ার পথে ওরা আটক করেছে। এমন উত্তর পেয়েও আপনার সামনে কি ভাবে আলাউদ্দিন কে গণপিটুনি দিলো? পুলিশ কে জানালেন না কেনো? আর আপনি ১নং ওয়ার্ডের চকিদার আর ঘটনা অন্য ওয়ার্ডের সে ওয়ার্ডের গ্রাম পুলিশ থাকতে আপনি কেনো সেখানে গেলেন? এমন প্রশ্নে শরীফ চুপ হয়ে যান।
নাম প্রকাশ না করার শর্তে বড় মানিকা ১নং ওয়ার্ডের কয়েকজন মুরুব্বী বলেন, আলাউদ্দিন চোর, তার জন্য আইন আদালত আছে। তা ছাড়া ওই রাতে যে আলাউদ্দিন চুরি করেছে বা করতে গেছে এর সত্যতা মিলেনি। আলাউদ্দিন কে আটক করেছে অন্য জায়গা থেকে। পূর্ব শক্রতা হাসিল করতেই নতুন চাকুরী পাওয়া টগবগে গ্রাম পুলিশ শরীফের নেতৃত্বে কি এমন কিছু ঘটেছে কিনা প্রশাসন খতিয়ে দেখা উচিত।
কুতুবা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়ের মিয়া বলেন, নিহত আলাউদ্দিন পেশাদার গরু চোর, বিএনপির আমলে চুরি ছিনতাই করতো, তা ছাড়া আমার বিরুদ্ধে একটা গ্রুপ কিছু টাকা পয়সা দিয়ে মিথ্যা রটাচ্ছে। আমি এ বিষয়ে কিছুই জানিনা।
বড় মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম হায়দার বলেন, একজন গরু চোর কে গণপিটুনি দেওয়া হয়েছে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছে এমনটা আমি শুনেছি।
বোরহানউদ্দিন থানার ওসি তদন্ত আলাউদ্দিন বলেন, গণপিটুনিতে আহত আলাউদ্দিন নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষে থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি ।