
ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : দোলা ঘাড় নেড়ে সম্মতি প্রদান করল। উমা দরজার আড়ালে দাঁড়িয়ে আমার কথা শুনছিল। আমি বাস স্টপেজে এসে দাঁড়ালাম। সেদিন বাসে লোকজনের ভিড় খুব কম। তাড়াতাড়ি উঠে একটা ভাল সিট দখল করলাম। পথে যেতে যেতে টরেন্টো যাবার কথা চিন্তা করলাম। কখন যাব, সময় করেই উঠতে পারিনে। এতকাজ, একা মানুষ, আমার উপর দিয় এত বড় একটা ঝড় বয়ে গেল। তারপর উমার আত্মীয়, সুশান্তর আত্মীয়, নানা রকম ফ্যাসাদ, নানা জনের নানা কথার উত্তর, সে এক ঝামেলা। ব্যাংকে আমার টাকা-পয়সার হিসেবের কি একটা গড়মিল ছিল সেটা সেরে ফেললাম। তারপর এক পুরান বন্ধু, ওর সাথে ঢাকা ইউনিভার্সিটিতে আলাপ ছিল, তার সাথে পথে হঠাৎ দেখা, ছেলেটি কমনওয়েলথ স্কলারশিপ পেয়ে মন্ট্রিলে পড়াশুনো করতে এসেছে।
আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে ও তখন স্কুলে। তবু আসত আমাদের ভার্সিটিতে। ওদের বাসাও ইউনিভার্সিটির কাছে ছিল। ওর মা স্কুল টিচার ছিল। দু-ছেলেকে নিয়ে বিধবা হন। ছেলে দু’টোকে কোয়ার্টারে রেখে নিজে যেতেন স্কুলে কোন স্কুলের যেন হেড মিসট্রেস ছিলেন। ছেলে বড়টির নাম হেমন্ত, বসন্ত ছোট্টটির নাম। আজ এত বছর পর হেমন্ত আমাকে দেখে বলল আপনি ? আমি বললাম, আপনি কে ? বলল, আমাকে চিনতে পারছেন না প্রশান্ত দা। আপনি যখন ভার্সিটিতে পড়তেন, আপনাদের ভার্সিটির কাছে, মা আমাদের নিয়ে ওখানে নিরিবিলিতে একটা কোয়ার্টার ভাড়া করে থাকতেন। আমরা দু-ভাই গিয়ে আপনাকে, আপনাদের কত বিরক্তি উৎপাদন করতাম। আমার স্মৃতির মনি কোঠায় আলোড়ন তুলল। হ্যাঁ মনে পড়েছে, তোমার মা কি বেঁচে আছেন ? বলল, অনেক বৃদ্ধ হয়ে পেরেছেন। তোমার ছোট ভাই ? ও পড়া শোনা শেষে এখন ইঞ্জিনিয়ার হয়ে দেশে চাকরী করছে। আমি আরও উচ্চ ডিগ্রি নেবার জন্য সুদূর বিদেশে স্কলারশিপ পেয়ে চলে এলাম। এখানে এসে মন বড় খারাপ লাগে। মার কথা বার বার মনে পরে।
আমি বললাম, এস আমার বাসায়। বাসার ঠিকানা দিলাম। বলল, আসব। আমি কঙ্ক্রোডিয়াতে আছি। কোন প্রয়োজন লাগলে আমাকে বলো। মাথা নেড়ে সম্মতি জানাল। ছেলেটি বাসে উঠল, আমি সেই বাসে উঠে কঙ্ক্রোডিয়ার অনেক আগে নেমে পরলাম। সুশান্ত চলে যাওয়ার পর থেকে মনটা যেন কেমন বিষাদে ভারাক্রান্ত হয়ে আছে। কেন যেন কিচুতেই একটা আনন্দ খুঁজে পাই না। ছেলেটিকে দেখে যেন ভাল লাগল। কেমন শান্ত সৌম্য সামাহিত। ভার্সিটির ক্লাশে ঢুকলাম। সেদিন যেন ক্লাশে ঢুকে কেমন ভাল লাগল। প্রত্যেকটি ছেলে মেয়ের মুখে যেন আনন্দের আভাস। ক্লাশ নিলাম। ঘণ্টা পড়ল। কমন রুমে বসলাম। পুরোন বন্ধুরা সকলেই আমার সুখ-দুঃখের সমভাগী। উমার কথা সকলেই জানতে চায়। বললাম ওর দেবরের ছেলে এসেছিল নিয়ে যাবার জন্য, ছেলেটি লন্ডনে থাকে। উমা কিছুতেই যেতে চায় না। ওর ভাই এসেছিল কলকাতা থেকে। উমা এখানেই আমার কাছে থাকতে চায়। আমার বন্ধুরা বলল, সুশান্ত টাকা-পয়সা কেমন রেখে গেছে ? আমি বললাম, মোটামুটি হিসেব করে চললে উমার দীর্ঘদিন যাবে। তারপর সেদিন ওর দেবরের ছেলেকে বলল, পুরী বা কাশীতে যে যেতে তীর্থ করে আসতে চায়। দেখা যাক, ভবিতব্যের কি লিখন।
(চলবে----------)
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ