ভোলার বাণী রিপোর্ট ॥ ভোলা শহর থেকে জংশন বাজার এবং পরানগঞ্জ হয়ে ভেদুরিয়া ফেরী ঘাট পর্যন্ত ২২ কিলোমিটারের মধ্যে ১৫টি ছোট ব্রীজ বিদ্যমান। যা ভোলা-চরফ্যাশন ফোর লেন সড়কের আওতায়। এই ছোট ব্রীজগুলো নতুন করে তৈরী করার আগে ছিল ছোট কালভার্ড আকারে। কিন্তু ভোলা-চরফ্যাশন ফোর লেনের কাজ শুরু হওয়ার পর এগুলো ভেঙ্গে নতুন করে তৈরী করার সময় দুই পাশে খালের মুখে যোগাযোগের জন্য বাইপাস রোড করা হয়। কিন্তু ব্রীজ সমাপ্ত হওয়ার পরও বাইপাস রাস্তাগুলো ভেঙ্গে ফেলা হয়নি।
সরেজমিনে দেখা যায়, সংযোগ সড়কগুলো পুরোপুরি ভেঙ্গে না ফেলার কারণে খালের মুখে মাটি গিয়ে ভরাট হয়ে গেছে। তাতে পানি চলাচলে বাঁধা হয়ে দাঁড়িয়েছে এবং পানি প্রবাহ নেই বললেই চলে। এমনিক পরিবেশ দুষণের আশঙ্কাও দেখা দিয়েছে। স্থানীয়দের কৃষি কাজসহ বিভিন্ন সেচের কাজ পুরোপুরি বন্ধ রয়েছে।

জংশন বাজারের ব্রীজ সংলগ্ন খাল পাড়ের কৃষক আব্দুল আলিম জানান, এই খালের পানি প্রবাহ বন্ধ করার কারণে আমরা অনেক পরিবার কৃষি কাজ করতে পারছি না। এ অবস্থায় থাকলে সামনের রবি শস্য (ধুলোটও) হয়ত করতে পারবো না। তিনি আরো বলেন, দুই পাশের পানি বন্ধ থাকার কারণে বিভিন্ন ধরনের পশু-পাখি পানিতে পড়ে মরে গিয়ে দুর্ঘন্ধ বের হচ্ছে। পানি বন্ধ থাকা এবং পচে গিয়ে সেখানে এডিস মশার বংশ বৃদ্ধি পাচ্ছে। এতে করে ডেঙ্গুর প্রভাব বৃদ্ধির শঙ্কা রয়েছে।
পশ্চিম ইলিশার বাঘার হাওলা (বিশ্বরোড) এলাকার মাইনুদ্দিন বলেন, এই রাস্তার দুই পাশে হাজার হাজার একর কৃষি জমি আছে। কিন্তু ব্রীজগুলো নির্মাণ শেষে খালের মুখের মাটি না সরানোয় দুই দিকেই পানি প্রবাহ বন্ধ রয়েছে। পুরো বর্ষার সময়টায় দুই পাশে পানি আটকানো ছিল। তাতে আমাদের ধানসহ অন্যান্য ফসল পানিতে ডুবে ছিল। এখন বর্ষাও নাই, পানিও নাই। খালের দুই পাশ বন্ধ থাকায় যেটুকু পানি পাবো তাতে রবি শস্য (ধুলোট) হবে কি না তা নিয়েও সংশয় রয়েছে।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোবাশ্বির উল্লাহ চৌধুরী বলেন, কাজের সাথে সাথে সংযোগ সড়কগুলো খুলে দেয়া উচিত ছিল। এখন যে অবস্থা তাতে এই ব্রীজগুলোর পাশের সংযোগ সড়কগুলো দ্রুত খুলে না দিলে একদিকে যেমন জনগণের সমস্যা, অন্যদিকে পরিবেশ দুষণেরও আশঙ্কা রয়েছে বলে আমি মনে করি।
সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম বলেন, ব্রীজের কাজ পুরোপুরি শেষ না হওয়াতে সংযোগ সড়কগুলো সম্পূর্ণ ছাড়া হয়নি। খুব দ্রুত ব্রীজগুলোর কাজ শেষে সংযোগ সড়কগুলো পুরোপুরি ছেড়ে দেয়া বা ভেঙ্গে ফেলা হবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ