ডেস্ক রিপোর্ট ॥ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত কেন্দ্রীয় আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না। জামায়াতের আমিরসহ সব নেতার মুক্তি চেয়ে মুজিবুর রহমান বলেন, জামায়াতে ইসলামী শুধু আল্লাহর আইন চালু করতে চায়। এর বাইরে কিছু নয়। আল্লাহর আইন ছাড়া আর কোনো আইন চলবে না। শনিবার আরামবাগে মহাসমাবেশে এ কথা বলেন জামায়াতের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় আমির।
শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে ঢাকা মহানগর দক্ষিণের আমির ও মহাসমাবেশের সভাপতি নুরুল ইসলাম বুলবুল সমাবেশ শেষের আনুষ্ঠানিক ঘোষণা দেন। সমাপনী বক্তব্যে তিনি দলীয় নেতাকর্মীদের আরামবাগ মোড় হয়ে কমলাপুর রোড দিয়ে মানিকনগর বিশ্বরোড হয়ে নিজ নিজ গন্তব্যে বেরিয়ে যাওয়ার নির্দেশনা দেন। মহাসমাবেশ শেষ করে আরামবাগ মোড় ছাড়ছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। কমলাপুর সড়ক হয়ে মানিকনগর বিশ্বরোড হয়ে মিছিল নিয়ে বেরিয়ে যাচ্ছেন তারা। এরপর জামায়াত নেতারা সামনে-পেছনে বেরিকেড দিয়ে সব নেতাকর্মীকে কমলাপুর রোড হয়ে বের করে নিয়ে যান।
সকাল থেকে জামায়াতের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন আরামবাগে। সেখানে তাদের ব্যারিকেড দিয়ে আটকে রেখেছিল পুলিশ। দলটির নেতাকর্মীরা শাপলা চত্বরে যেতে চাইলেও পুলিশ তাদের অনুমতি দেয়নি।তবে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে জামায়াতের ভিন্ন একদল নেতাকর্মী পুলিশ ব্যারিকেডের পেছন দিক থেকে শাপলা চত্বরে ঢুকে পড়েছেন। সকালে থেকেই মতিঝিলের শাপলা চত্বর ঘিরে রেখেছিল পুলিশ। তবে দুপুর সাড়ে ১২টার পর মতিঝিল থেকে কয়েক হাজার জামায়াতের নেতাকর্মী আরামবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে সমাবেশে যোগ দেন।

অন্যদিকে আরামবাগ স্কুলের সামনে দিয়ে মতিঝিল শাপলা চত্বরে ঢুকে পড়েন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। দুই দিক থেকে পুরো শাপলা চত্বর দখলে নেন জামায়াতের কর্মীরা। দুই পাশে র্যাব ও পুলিশের উপস্থিতি থাকলেও তারা জামায়াতের কাউকে বাধা দেয়নি। নেতাকর্মীরা এলে রাস্তা ছেড়ে দিয়েছে পুলিশ। এর আগে মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশের ঘোষণা দিয়েছিল জামায়াত। কিন্তু অনুমতি না পাওয়ায় আরামবাগে সমাবেশ করে। সমাবেশে জামায়াতের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ