লালমোহন প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে পিতাকে মারধরের ঘটনায় মামলা করায়, বাদির ভাইয়ের বসতঘরে ভাঙচুর লুটপাট ও এক নারীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ড বদরপুর গ্রামের আবদুল হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে, গত ১৩ অক্টোবর সকালে, আবদুল হাওলাদার বাড়ির বৃদ্ধ সেরাজল হক কে মারধর করেন, একই বাড়ির ছমেদ হাওলাদারের ছেলে আবু হাওলাদার ও তার লোকজন। গুরুতর আহত সেরাজল হক বর্তমানে, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে বাবার উপর হামলার ঘটনায় গত ১৭ অক্টোবর, ভোলার আদালতে বাদি হয়ে আবু হাওলাদার ও তার লোকজনের বিরুদ্ধে মামলা করেন বৃদ্ধ সেরাজল হকের ছেলে ফারুক। এতে ক্ষিপ্ত হয়ে রবিবার দুপুরে ফারুকের ভাই কবিরের বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালায় আবু হাওলাদার ও তার লোকজন।
কবিরের স্ত্রী শাহানাজ বেগম বলেন, দুপুরে কোনো পুরুষ লোক ঘরে ছিলেন না। এ সুযোগে আবু হাওলাদার, জালাল আহমেদ, রুবেল, মারুফ, হিরন, লোকমান, জামসেদ, শাহানাজ, জাহানারা বেগমসহ আরও কয়েকজন মিলে, আমাকে মারধর করে আমার বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। তারা ঘরে থাকা ৫ ভরি স্বর্ণ, নগদ পাঁচ লক্ষ টাকা ও সুপারির আটটি বস্তা নিয়ে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে কবিরের ঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের বিষয়টি অস্বীকার করে আবু হাওলাদার বলেন, তাদের নামে মামলা করায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে। এদিকে হামলায় আহত শাহানাজ বেগম বর্তমানে, লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনের দ্বারস্থ হবেন বলেও জানান তারা।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ