কলেজ প্রতিবেদক ॥ ভোলা সরকারি কলেজে একাদশ শ্রেণির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে বরণ করে নেওয়া হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার ৩টি বিভাগের আলাদা ভাবে এই ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন ক্লাসে ভর্তি কমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ এনায়েত উল্লাহ্, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ উল্লাহ স্বপন। অনুষ্ঠানে অংশ নেয়া নতুন শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করে নেওয়া হয় এবং প্রতিটি বিভাগের শিক্ষকদের পরিচয় করে দেয়া হয়।
প্রধান অতিথি অধ্যক্ষ আবদুল গফুর তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার পাশাপাশি নিয়ম শৃঙ্খলাও মেনে চলতে হবে। তবেই তোমরা ভালো ফলাফল অর্জন করবে এবং মানুষের মতো মানুষ হবে।
এসময় রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এ বি এম মজিবুর রহমান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জামাল উদ্দীন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ মাহমুদ, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম হাসান উল্লাহ মিঠু, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফজলে ইলাহী, প্রভাষক ইসরাক উদ্দিন রাসেল, প্রভাষক আজগর আলী, প্রভাষক শাহাব্ উদ্দীন, প্রভাষক মো. এরশাদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ