ওমর ফারুক: ভোলার গ্যাস ভোলায় চাই, ঘরে ঘরে গ্যাস চাই দাবীতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে দক্ষিনাঞ্চলীয় গ্যাস রক্ষা নাগরিক আন্দোলন কমিটি ।
২০ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় ভোলা প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তারা বলেন, ১৯৯৫ সালে ভোলার বোরহানউদ্দিনে শাহবাজপুর গ্যাস ক্ষেত্র -১ প্রথম আবিস্কৃত হয়। কিন্ত সঠিক পরিকল্পনা ও সিদ্ধান্তহীনতার কারনে এই গ্যাস ব্যবহারে গড়িমসি করা হয়। পরবর্তীতে ভোলা ভেদুরিয়া ব্যাংকের হাট সংলগ্নে নর্থ-২ গ্যাস ক্ষেত্র এবং এবছরের জুন মাসে ইলিশা -২ নামের আরও একটি গ্যাস ক্ষেত্র আবিস্কৃত হয়। ভোলার এই তিনটি গ্যাস ক্ষেত্রে ৯টি কূপ খনন করা হয়। এই তিনটি গ্যাস ক্ষেত্রে ১.৭ টিসিএফ ঘনফুট গ্যাস মজুত থাকা সত্যেও ভোলার মানুষ গৃহস্থালি কাজে গ্যাসের সংযোগ পাচ্ছেনা। আবাসিক সংযোগ দিতে পাইপ লাইন বসিয়ে কোটি কোটি টাকা খরচ করা হলেও আবাসিক এবং বানিজ্যিক সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে।
তারা বলেন, ভোলার গ্যাস জাতীয় গ্রিডের অন্তর্ভূক্ত নয় তবুও ভোলার গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ভোলার গ্যাস ভোলা, বরিশাল এবং দক্ষিনাঞ্চলের উন্নয়নে ব্যবহার না করে এলএনজি আমদানিকারকদের সুবিধা দেয়ার জন্যই ভোলায় গ্যাস বন্ধ করে দিয়ে ইন্ট্রাকো কোম্পানি লিঃ এর সাথে চুক্তি করা হয়েছে যা কোনাে ভাবেই গ্রহনযোগ্য নয়।
২০১৮ সালে বরিশালের বেলস পার্ক মাঠে এক জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন, ভোলার গ্যাস ভোলা, বরিশালসহ দক্ষিনাঞ্চলের উন্নয়নে আগে ব্যবহার করা হবে কিন্ত সেই বাস্তবতা থেকে দক্ষিনাঞ্চলবাসী অনেক দুরে। ভোলার মানুষের শিক্ষা, স্বাস্থ্য সেবা এবং আর্থসামাজিক উন্নয়নে একটি মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় করার কথা থাকলেও তা আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তাই ভোলার ঘরে ঘরে আবাসিক সংযোগ এবং বানিজ্যিক সংযোগ উন্মুক্ত করে দিয়ে ভোলার মজুদকৃত গ্যাস দ্বারা ভোলায় নির্ধারিত স্থানে ইপিজেড ও শিল্পকারখানা, বিসিক নগড়ি উন্নয়ন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলে গ্যাসের পরিকল্পিত ব্যবহার নিশ্চত করা, এবং ইন্ট্রাকো কোম্পানির সাথে ভোলার গ্যাস বিক্রয় চুক্তি বাতিল করে একটি মেডিকেল কলেজ স্থাপন করার দাবী জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন, দক্ষিনাঞ্চলীয় গ্যাস সংরক্ষন নাগরিক আন্দোলন কমিটির সভাপতি মোবাশ্বিরউল্লাহ চৌধুরী, ভোলা জেলা সভাপতি ছিদ্দিকুর রহমান, সম্পাদক মোঃ বাহাউদ্দীন, দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক মোঃ শওকাত হোসেন, ভোলা সদর থানা বিএনপির সভাপতি আসিফ আলতাফ, শিক্ষক মোঃ মহিউদ্দিন ও নিরাপদ সড়ক চাই এর ভোলা জেলা আহ্বায়ক মোঃ সোলাইমান প্রমূখ।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ শেষে দক্ষিণাঞ্চলেয় নাগরিক আন্দোলন কমিটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ