মনিরুজ্জামান, বোরহানউদ্দিন ॥ ভোলার বোরহানউদ্দিনে এবার কোরবানি যোগ্য পশুর চাহিদার তুলনায় সরবরাহ বেশি। গো-খাদ্যের দাম ও পশুপালনের উপকরণ খরচ অন্যান্যসময়ের চেয়ে বেশি। ফলে সরবরাহ বেশি হওয়া সত্বেও এ বছর ঈদুল আযহায় কোরবানির পশুর দাম গত বছরগুলোর তুলনায় বেশি বলে জানিয়েছেন স্থানীয় প্রাণিসম্পদ বিভাগ, খামারি ও ব্যবসায়ীরা। তারা আরও জানান, খামার পর্যায়ে গত বছর ছোট ও মাঝারি আকৃতির গরু ৭০ হাজার থেকে ১ লাখ টাকায় বিক্রয় হলেও এ বছর তা -৯০ হাজার থেকে ১লাখ ৩০হাজার টাকায় বিক্রয় হচ্ছে। বড় সাইজের গরু বিক্রয় হচ্ছে ২ থেকে সাড়ে ৩ লাখ।
প্রাণি সম্পদ অধিদপ্তর বোরহানউদ্দিন সূত্র জানায়, এ বছর ৭ হাজার ১২৪টি পশু চাহিদা রয়েছে। যার বিপরীতে সরবরাহ রয়েছে প্রায় সাড়ে ৭ হাজার।
সরকারি আব্দুল জব্বার কলেজ মাঠের গরুর বাজার, বোরহানগঞ্জ বাজার, মজম হাট ও দরুন বাজার সহ বিভিন্ন পশুর হাট ঘুরে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। স্থায়ী হাট না থাকলেও বাজার গুলোর সপ্তাহের প্রতি হাটবারে পশুর হাট বসছে। কিন্তু অন্য বছর থেকে এবছর দাম বেশি হওয়ায় বেশির ভাগ ক্রেতার চাহিদা ছোট ও মাঝারি আকৃতির গরু। ক্রেতারা জানান দ্রব্য মূল্যের মতো গবাদী পশুর দাম বাড়ায় কোরবানির পশু কিনতে হিমশিম খেতে হচ্ছে গ্রামের মধ্য ও স্বল্প আয়ের মানুষদের। তবে চাহিদার তুলনায় এবার পশু বেশি রয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ। আগামী দু-একদিনের মধ্যে বেচা-কেনা আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। তবে গত বছরের তুলনায় এ বছর পশুর দাম কিছুটা বাড়তি বলে অভিযোগ ক্রেতাদের। প্রাণি সম্পদ বিভাগের দাবী, দাম ক্রেতাদের সাধ্যের মধ্যে রয়েছে।
ক্রেতা খোরশেদ রাজ বলেন, সারা বছর সংসার খরচের থেকে সঞ্চয় করে একটা ছোট গরু নিজেই কোরবানি দেওয়ার চেষ্টা করি। প্রতি বছর ৬০ থেকে ৭০ হাজার টাকার মধ্যে গরু কিনি। এ বছর এই টাকায় কোরবানির পশু কিনতে পারবো কি না তা নিয়ে সংশয় আছে। তিনি আরও বলেন, চাইলেই ১০/১৫ হাজার টাকা বেশি দিয়ে পশু কেনা সম্ভব হবে না। বাজেটের মধ্যে পশু কিনতে না পারলে ভাগে কোরবানি দেওয়ার কথা ভাববো। একটি কলেজের জনৈক সহকারী অধ্যাপক বলেন, বর্তমান চড়া বাজার দরে পশু কিনে কোরবানি দেওয়া কঠিন হবে।
গরু কিনতে আসা ক্রেতা ইয়াছিন, ইমরুল ও রফিজল হক জানান, গত বছর যে গরুর দাম ছিল ৫০ হাজার টাকা বিক্রেতারা সেটা এবার ৮০-৯০ হাজার টাকা হাঁকছেন। ছোট আকৃতির গরু ৬০ হাজারের নিচে কিনা যায় না। এটা গ্রামের মানুষদের নাগালের বাহিরে চলে গেছে।
গরু বিক্রেতা আবুল হোসেন জানান, গো-খাদ্যের দাম প্রায় দ্বিগুণ তাই গত বছরের তুলনায় এবছর গরুর দাম একটু বেশি। এছাড়া বিক্রেতা জসিম, কামাল ও মোঃ মোছাদ্দেক হোসেন জানান, এবছর গরুর দাম বেশি হওয়ায় ক্রেতার স্বাধ্যের মধ্যে পছন্দের গরু ক্রয় করতে বিভিন্ন হাটে ছুটাছুটি করছেন। তাই বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি গরুই বিক্রি বেশি হচ্ছে।
উপজেলা ভেটেরিনারি সার্জন ও প্রাণী সম্পদ কর্মকর্তা কে, এম আসাদুজ্জামান জানান, এবছর ৭ হাজার ১২৪টি পশু চাহিদা রয়েছে। সেই তুলনায় আরো প্রায় ৫০০ কোরবানির পশু বেশি আছে। উপজেলার হাট গুলোতে আমাদের ৩টি মেডিকেল টিম কাজ করছে। তিনি আরো জানান, গো খাদ্যের বেশি দাম ও এলএলজি রোগের কারনে অন্য বছরের তুলনায় দাম একটু বেশি।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ