মনিরুল ইসলাম ॥ ‘আপনার প্রয়োজনে নিয়ে যান, অন্যের প্রয়োজনে দিয়ে যান’ এই স্লোগানকে সামনে রেখে দি বেস্ট ইনিশিয়েটিভ অব ভোলা এসোসিয়েশন বিবা'র আয়োজনে মানবতার দেয়াল থেকে প্রতি শুক্রবারের ন্যায় (৫মে) সকাল ১০টায় বিভিন্ন সবজি ও তড়িতরকারি বিতরণ করা হয়।
এ মহতি কাজকে উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজের আইসিটি বিভাগের শিক্ষক মোহাম্মদ আল-আমিন। আরো উপস্থিত ছিলেন ভোলা ডায়াগনস্টিক সেন্টার এর কর্ণধার এবং ভোলা জেলার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান। আরো উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক মুবাশ্বির উল্লাহ চৌধুরী। এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে শিক্ষক সাংবাদিক বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন বিবা’র সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম। গেল সপ্তাহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ। সে সভায় এই প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক একাউন্ট খোলার প্রস্তাব দেয়া হয়। আজকে (গতকাল) বক্তারা সেই ব্যাংক একাউন্টের পাশাপাশি আরো কিছু পরামর্শ তুলে ধরেন।
যেমন-এ প্রতিষ্ঠান হতে পারে অসহায়দের আশ্রয়স্থল সেই লক্ষ্যে কাজ করার জন্য এখানে একটি কোরবানিও দেয়া যেতে পারে। বক্তারা বলেন, প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলর এর মাধ্যমে বিভিন্ন স্বেচ্ছাসেবীর সংগঠনের সহযোগিতায় এই মানবতার দেয়ালটি ছড়িয়ে যেতে পারে। শহরের বাংলা স্কুল মাঠে ১০ টাকার বাজার নামে একটি সেবা দেয়া যেতে পারে, বছরের বিশেষ বিশেষ দিনে বা জাতীয় দিবসগুলোতে এই বাজার উন্মুক্ত করে দেয়া হবে। পাশাপাশি চিকিৎসার সুবিধার জন্য ডাক্তারদের উপস্থিতিতে বিভিন্ন ফ্রি মেডিকেল চেকআপ করা যেতে পারে। যারা সাধারণত মানুষের কাছে হাত পেতে নিতে পারেননা তাদেরকে নির্বাচন করে তাদের ঘরে ঘরে এই সাহায্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে যেতে পারে।
প্রধান অতিথি আরো বলেন, আমরা যেটা ব্যবহার করে স্বাচ্ছন্দ্যবোধ করি সেটাই আসলে অন্যের ব্যবহারের জন্য দেওয়া উচিত কিন্তু যেটা ব্যবহারের অযোগ্য সেটা না দেয়া থেকে বিরত থাকা উচিত। আমার সুখের অংশটুকু যদি আমি দিতে পারি তাহলেই আমি সুখী। এই সওয়াবের কাজে আমরা সকলেই যার যার সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করে যাব।
বিবা’র নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম বলেন, আমরা যেভাবে সাড়া পাচ্ছি সাংবাদিক, সুধী সমাজ, ব্যবসায়ী, চাকরিজীবী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তাতে ইনশাআল্লাহ প্রতি শুক্রবার সকাল ১০ টায় এই মানবতার দেয়াল থেকে তরকারি ও সবজি বিতরণ অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ