ডেস্ক রিপোর্ট ॥ রাজধানীর গুলশানের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে ফায়ার সার্ভিস ও সুরক্ষা সচিব। ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনরাতে এক ব্রিফিংয়ে জানিয়েছেন, আগুনের ঘটনায় এখন পর্যন্ত নারী, শিশুসহ ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৯ জন পুরুষ, ১২ জন নারী ও একটি নবজাতকও রয়েছে। বর্তমানে উদ্ধার কাজে যোগ দিয়েছে সেনা এবং বিমানবাহিনী। আকাশে টহল দিচ্ছে বিমানবাহিনীর হেলিকপ্টার।
এদিকে ওই ভবনে আগুনের ঘটনায় আতঙ্কে সাত তলা থেকে একজন লাফিয়ে পড়ে নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ব্যক্তি একজন পুরুষ, বয়স আনুমানিক ৩০ বছর। তবে তার নাম পরিচয় জানা যায়নি এবং লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
ঘটনাস্থলে উপস্থিত ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। তিনি জানান, ১১ জন তাকে ফোন করে লাফ দেওয়ার জানিয়েছে। কিন্তু বার বার তাদের লাফ দিতে বারণ করা হয়েছে। আমি বলেছি, আপনারা লাফ দিয়েন না, মুখে পানি দেন একটু ধৈর্য ধরেন। তারা সবাই বেঁচে গেছেন। তিনি বলেন, যারা লাফ দিয়েছেন তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকিরা চিকিৎসাধীন। এদিকে সবশেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে, লাফিয়ে পড়ে মৃত ওই ব্যক্তির পর ঢামেকে গুলশানের আগুনের ঘটনায় নতুন করে আর কাউকে আনা হয়নি। তবে ধারনা করা হচ্ছে, আশপাশের ক্লিনিকেও অনেকে ভর্তি হয়ে থাকতে পারেন।
এর আগে রোববার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান-২ নম্বরে একটি ভবনে সন্ধ্যা ছয়টা ৫৯ মিনিটে আগুন লাগে। বাড়িটি ফেনীর সাবেক এমপি মোশারফের বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, পরে আরো কয়েক দফায় বেশ কয়েকটি ইউনিটসহ মোট ১৯টি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ