প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ২:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২২, ৫:৫২ পি.এম
ভোলায় ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযান চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ মাহে আলম মাহী॥ ভোলায় ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়। সোমবার (১৯ ডিসেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান এর নেতৃত্বে বোরহানউদ্দিন উপজেলার দরুন বাজার ও ইউসুফনগর এলাকায় বাজার তদারকি মূলক অভিযানে এ জরিমানা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অপরাধে আখন মেডিকেল হলকে ৩৭ ধারায় চার হাজার টাকা, মহিউদ্দিন স্টোরকে ৩৮ ধারায় এক হাজার টাকা, শাহীন হোটেলকে ৪৩ ধারায় এক হাজার টাকা ও মা মেডিসিন কর্নারকে ৪১ ধারায় দুই হাজার টাকা জরিমানা করা হয়। এতে মোট ৪ টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ভোক্তা অধিকার আইন-২০০৯ মোতাবেক আট হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান জানান, অভিযান চলাকালে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। জনস্বার্থে মাইকিং করে উপস্থিত ব্যবসায়ীদের সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে চিনি সয়াবিন তেল ও পণ্য বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় বাজার প্রদর্শন, দ্রব্যমূল্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়। এছাড়াও জনস্বার্থে বাজার তদারকি মূলক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযান চলাকালে বোরহানউদ্দিন থানার পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহায়তা করে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ
© সর্বস্বত্ব সংরক্ষিত ভোলার বাণী ২০২২ ইং