স্টাফ রিপোর্টার ॥ ভোলায় জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন মোহাম্মদ আলী নামে এক ভুক্তভোগী। সংবাদ সম্মেলনে তিনি প্রতিপক্ষের চক্রান্তের হাত থেকে রক্ষা পাওয়ার আকুতি জানিয়েছেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ভোলা প্রেসক্লাবে তিনি সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলন করা ব্যক্তির নাম মোহাম্মদ আলী। তিনি ভোলা শহরের কালিবাড়ি রোডের পৌর ২ নম্বর ওয়ার্ডের মৃত রুস্তম আলীর ছেলে। তার কোনো ছেলে সন্তান নেই। তিন মেয়ে সন্তান নিয়ে ১ একর ৭৫ শতাংশ জমির উপর ঘর তুলে কয়েক বছর ধরে বসবাস করে আসছেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার পিতার এস এ ২০২ ও ২০৩ খতিয়ানের ১১৪৪ নম্বর দাগের ১ একর ৭৫ শতাংশ জমির উপর ঘর তুলে দীর্ঘ কয়েক বছর ধরে তিনি বসবাস করে আসছেন। সম্প্রতি তার পাশের জমির মালিক ইতালী প্রবাসী কামাল নামে এক প্রতিবেশী তার জমির পাশে ৮ ফুট সীমানা প্রাচীর নির্মাণ করে তার চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। পাশাপাশি তার উপর হামলা চালায়। এ ঘটনায় তিনি ভোলা জেলা প্রশাসক ও ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর অভিযোগ করেও কোনো আইনি সহায়তা পাননি। পুলিশ ও পৌর কাউন্সিলর মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে প্রাচীরের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার পরও জোরপূর্বক প্রতিপক্ষরা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।
সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, পৌরসভার আইন অনুযায়ী প্রতিপক্ষ প্রাচীর নির্মাণ করেনি। তাতে তিনি বাধা প্রদান করলে কামালের ভাই কুশল ও তার ভাগ্নে নিঝুম তাকে এলোপাতাড়ি মারধর করে। এ ঘটনার ঘন্টাখানেক পর নান্টু মিয়া ও কামালের স্ত্রী রিমু গিয়ে তার পরিবারের সদস্যদেরকে অকথ্য ও অশ্লীল ভাষায় গালমন্দ করে। প্রতিপক্ষের অত্যাচার ও চক্রান্ত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলনে আকুতি জানিয়েছেন তিনি। এ বিষয়ে প্রবাসী কামালের ভাই কুশলের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি তার ফেসবুক ইনবক্সে ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ