ভোলা সদর উপজেলার উত্তর পূর্ব কাঠালী সিকদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন ওয়াশ ব্লক (শৌচাগার) নেই। ওয়াশ ব্লক না থাকায় বিদ্যালয়ের পাশের বাড়িতে গিয়ে মলমূত্র ত্যাগ করতে হয় শিক্ষক ও শিক্ষার্থীদের। এতে তাদের চরম বিপাকে পড়তে হচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, ওয়াশ ব্লকের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিক্ষা কর্মকর্তা বলছেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তারা ওয়াশ ব্লক করবেন। আর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, স্কুলে ওয়াশ ব্লক করার মতো জায়না না থাকায় ওয়াশ ব্লক করা যাচ্ছে না। রোববার সকালে ভোলা সদর উপজেলার উত্তর পূর্ব কাঠালী সিকদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ে ওয়াশ ব্লক না থাকায় চরম বিপাকে পড়তে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের।
জানতে চাওয়া হলে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী পাপিয়া, দ্বিতীয় শ্রেণির ছাত্রী মিথিলা, একই শ্রেণির ছাত্রী লামিয়া ও সাইমুনাসহ শিক্ষার্থীরা জানায়, উত্তর পূর্ব কাঠালী সিকদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন ওয়াশ ব্লক (শৌচাগার) নেই। তাই, তারা নিজেদের বাড়ি কিংবা পাশের বাড়িতে গিয়ে মলমূত্র ত্যাগ করে আবার স্কুলে ফিরে এসে ক্লাস করে। এতে করে তাদের মারাত্মক বিপাকে পড়তে হয়।
বিবি ছালমা নামের এক শিক্ষার্থী অভিভাবক বলেন, এ বিদ্যালয়ে কোন ওয়াশ ব্লক না থাকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ছাত্র-ছাত্রীদের মলমূত্র ত্যাগ করতে হচ্ছে। এ স্কুলে ওয়াশ ব্লক খুবই জরুরী বলেও মনে করেন এ অভিভাবক।
ওয়াশ ব্লকের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে উত্তর পূর্ব কাঠালী সিকদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন বলেন, বিদ্যালয়ে ওয়াশ ব্লক না থাকায় অনেক সময় শিক্ষক ও শিক্ষার্থীদের বিপাকে পড়তে হয়। ওয়াশ ব্লক না থাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীর উপস্থিতির সংখ্যাও দিন দিন কমে যাচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান বলেন, বিদ্যালয়ে ওয়াশ ব্লক না থাকায় সমস্যা হচ্ছে। একটি ওয়াশ ব্লক খুবই জরুরী। বিদ্যালয়ের ওয়াশ ব্লকের জন্য গত ২ নভেম্বর উর্ধ্বতন কর্মকতা বরাবরে একটি আবেদনও করা হয়েছে। কিন্তু এখনো কোন ওয়াশ ব্লক বরাদ্দ দেওয়া হয়নি।
প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ে ১৪০ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছাত্রী রয়েছে ২৭ জন। আর ছাত্র রয়েছে ১১৩ জন। শিক্ষক রয়েছে ৫ জন। ১৯৯০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়।
এ বিষয়ে ভোলা সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শিরীন সুলতানা ভোলার বাণী’কে বলেন, স্কুলের জায়গা কম। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে লোক গেছে। প্লানও করা হয়েছে। সেই প্লান বাতিল করা হয়েছে। আবার ডিজাইন পরিবর্তন করে প্লান করা হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা। আর কিছু নয়।
তবে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভোলা সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মাসুম বিল্লাহ্ ভোলার বাণী’কে বলেন, উত্তর পূর্ব কাঠালী সিকদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক করার মতো পর্যাপ্ত জায়গা নেই, তাই ওয়াশ ব্লক করা সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, শুধু উত্তর পূর্ব কাঠালী সিকদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়েই নয়। সদর উপজেলায় ২১০টি বিদ্যালয়ের মধ্যে ১০-১২টি বিদ্যালয়ে জায়গা সংকটের কারণে ওয়াশ ব্লক করা যাচ্ছে না।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ