২০০৫ সালের ১৪ নভেম্বর জেএমবি’র নৃশংস বোমা হামলায় নিহত স্বর্গীয় বিচারক জগন্নাথ পাঁড়ে এবং শহীদ সোহেল আহম্মেদ এর ১৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ভোলায় বিচার বিভাগের উদ্যোগে সোমবার (১৪ নভেম্বর) র্যালি ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। র্যালিটি সকাল ৮ টায় জেলা ও দায়রা জজ কোর্ট প্রাঙ্গণ থেকে বের হয়ে কালি বাড়ি রোডের শহীদ সমাধিস্থলে গিয়ে শেষ হয়। র্যালি শেষে শহীদদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং শহীদদের উদ্দেশ্য দোয়া ও সামষ্টিক ভোজের আয়োজন করা হয়।
পরে সাংবাদিকদের উদ্দেশ্যে ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম) বলেন, আজকের এই দিনে স্বর্গীয় বিচারক জগন্নাথ পাঁড়ে এবং শহীদ সোহেল আহমেদকে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। জঙ্গিবাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী যে “জিরো টোলারেন্স” নীতি ঘোষণা করেছেন সেটি বাস্তবায়নে ভোলা জেলা পুলিশ ও বিচার বিভাগ, ভোলা এক সাথে কাজ করার আশা ব্যক্ত করেন। এ সময় জেলা ও দায়রা জজ মহসিনুল হক চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হক, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অসীম কুমার দে, অতিরিক্ত জেলা ও দায়রাজজ আলী মানসুর, যুগ্ন জেলা ও দায়রা ল্যান্ড সার্ভে মোঃ সামছুদ্দিন, ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহীন ফকির, কোর্ট পুলিশ পরিদর্শকসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ