দীর্ঘ কয়েক বছর পর ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ভয়বহতা ও ক্ষয়ক্ষতি টের পেল ভোলার উপকূলের মানুষ। তবে, ঘূর্ণিঝড় সিত্রাং যে এতো ভয়াবহ রুপ নেবে তাও বুঝতে পারেনি এ দ্বীপ জেলার মানুষ। সিত্রাংয়ের বিষয়ে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচারনা চালালেও সেই প্রচারনা ও সতর্কবানী পৌঁছেনি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে ঘরচাপায় নিহত মফিজুল ইসলামের পরিবারের কানে। তাদের দাবি ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ভয়াবহতা ও সতর্কবানী নিয়ে এ এলাকায় কেউ আসেনি। চালানো হয়নি তেমন প্রচারণা। বন্ধ ছিল ঘূর্ণিঝড় আশ্রয়নকেন্দ্র। বাজানো হয়নি ধনিয়া ইউনিয়নের সাইরেন। স্থানীয়দের প্রশ্ন ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারনে ভোলায় ৭ নম্বর বিপদ সংকেত দেওয়ার পরেও কেন ধনিয়া ইউনিয়ন পরিষদের সাইরেন থেকে কেন সাইরেন বাজানো হলোনা? তাহলে এই সাইরেন দেওয়ার দরকার কি?
মঙ্গলবার সকালে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাটওয়ারী বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, নিহত মফিজুল ইসলামের টিনের ঘরের ওপরে গাছ উপড়ে পড়ে ওই ঘরটি ভেঙে মাটির সাথে মিশে আছে। ওই বাড়ির উঠনে স্থানীয় লোকজনদের ভিড়। তারা স্বান্তনা দিচ্ছেন নিহতের স্বজনদের। নিহত মফিজুল ইসলাম সোমবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ঘর চাপায় নিহত হন। এ সময় আহত হন আরও দুই জন।
নিহত মফিজুল ইসলামের বড় ছেলে মহসিন কান্নাজড়িত কন্ঠে বলেন, ধনিয়া ইউনিয়নে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কোন প্রচার প্রচারনা করা হয়নি। কেউ এখানে আসেনি। আমার বাবা মারা যাওয়ার পর প্রশাসনের লোকজন এসেছে। তিনি আরও বলেন, ৯৯৯ এ ফোন করলে তারা বলেন, আমরা এসব বিষয়ে কিছু জানিনা। পরবর্তীতে সদর হাসপাতালে ফোন দেওয়ার পর অ্যাম্বুলেন্স আসলে আমার ভাইকে হাসপাতালে নিয়ে গেছি। কিন্তু আমার বাবাকে বাঁচাতে পারিনি। সরকারি কোন সাহায্য সহায়তাও পাননি বলে অভিযোগ করেন মহসিন।
ওই এলাকার আব্দুল মান্নান দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ আলী হোসেন বলেন, আমি ঘূর্ণিঝড়ের দিন সোমবার রাত ৮টার দিকে আশ্রয়ের জন্য আমার স্ত্রী ও নাতি সামিরকে নিয়ে ধনিয়া ইউনিয়ন পরিষদের আশ্রয়নকেন্দ্রে গিয়ে দেখি তালাবদ্ধ। তাই বাধ্য সেখান থেকে শহরের কালিবাড়ি রোড এলাকায় আমার শশুর কাঞ্চন মিয়ার বাসায় গিয়ে আশ্রয় নিয়েছি। ওই এলাকার বাসিন্দা মোঃ আকতার হোসেন নামের এক চাকরিজীবী বলেন, ধনিয়া ইউনিয়নে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তেমন কোন প্রচারনা চালানো হয়নি। ব্যাপক প্রচারনা চালালে ভোলায় এতো ক্ষয়ক্ষতি হতো না। মানুষ মারা যেতনা।
স্থানীয় অটোরিকশা চালক নুরুল ইসলাম খোকন বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে আরও বেশি করে প্রচারনা করার দরকার ছিল। আশ্রয়নকেন্দ্রগুলোও খোলা উচিৎ ছিল। স্থানীয় ব্যবসায়ী মোঃ বাছেদ বলেন, নদীসিকস্তি এলাকার মানুষকে সতর্ক করে আশ্রয়নকেন্দ্রে আনার জন্য গত প্রায় ২০ বছর আগে ধনিয়া ইউনিয়ন পরিষদে সাইরেন ঝুলিয়ে রাখা হয়েছে। কিন্তু দীর্ঘ ২০ বছরেও আমরা কোন সাইরেন শুনিনি। এটা তাহলে কেন?
সরেজমিনে গিয়েও মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধনিয়া ইউনিয়ন পরিষদের আশ্রয়কেন্দ্রটি তালাবদ্ধ দেখা গেছে। এ বিষয়ে ধনিয়া ইউনিয়ন পরিষদের তথ্য উদোক্তা মোঃ ইব্রাহিম খলিল বলেন, ইউনিয়ন পরিষদে সাইরেন লাগানো হলেও উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়া আমরা এটা বাজাতে পারিনা।
তবে, ধনিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ফারুক অবশ্য দাবি করেন ইউনিয়ন পরিষদের আশ্রয়নকেন্দ্র সোমবার দিনরাত খোলা ছিল। ধনিয়া ইউনিয়ন পরিষদের আশ্রয়নকেন্দ্র ও নাছির মাঝি গুলি মাধ্যমিক বিদ্যালয়ের দুইটি আশ্রয়নকেন্দ্রে প্রায় ৪০০ লোক ছিল। তারা আবার সকালে চলে গেছেন। সদর উপজেলা নির্বাহি কর্মকর্তাও আমাদের সাথে ছিলেন।
সাইরেনের বিষয়ে সচিব বলেন, এটা গত ৬-৭ মাস ধরে নষ্ট। গত ৮ বছর আগে ধনিয়া ইউনিয়ন পরিষদে সাইরেন লাগানো হয়েছে বলে জানিয়েছেন সচিব। ধনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক কবিরের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ